ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক চলবে না
ঘরমুখো যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে পবিত্র ঈদুল ফিতরের আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যানসহ ভারী যান চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি ও পচনশীল পণ্যবাহী গাড়ি এই ঘোষণার আওতামুক্ত থাকবে। গতকাল বৃহস্পতিবার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এ কে এম হাফিজ আক্তার এ কথা জানান।
ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরুল আলম ও মহাসচিব আবুল কালাম আজাদ, পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মৃণাল চৌধুরী, কাভার্ডভ্যান ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাফফর আহমেদ প্রমুখ অংশ নেন।
এসপি হাফিজ আক্তার বলেন, ঈদ উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রাম অংশে পুলিশ সতর্ক থাকবে। মহাসড়কে গাড়ি তল্লাশি আপাতত বন্ধ থাকবে।