ঈদ উপলক্ষে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। গতকাল বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।
জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির এই বৈঠক হয়। বৈঠক শেষে কমিটির সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক সাংবাদিকদের বলেন, ঈদে সাধারণ মানুষের যাত্রা যাতে নির্বিঘ্ন ও নিরাপদ হয়, সে জন্য মন্ত্রণালয় এই ব্যবস্থা নিয়েছে। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রাক-লরি চলাচল বন্ধ থাকলেও খাদ্য ও পচনশীল দ্রব্য, ওষুধ, গার্মেন্টস সামগ্রী, জ্বালানি ও কাঁচা চামড়া বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।
বৈঠকে মন্ত্রণালয় থেকে জানানো হয়, যাত্রীদের সেবা দিতে ঢাকা থেকে বিভিন্ন জেলা ও উপজেলা সদরে বিআরটিসির ৪৫০টি বাস চলাচল শুরু করেছে। ঢাকার বাইরে বিআরটিসির ডিপোগুলোতে ৫০০টি বাস নিয়োজিত করা হচ্ছে। জরুরি ভিত্তিতে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে ৮০টি বাস বিভিন্ন ডিপোতে অপেক্ষমাণ হিসেবে রাখা হবে। এর মধ্যে নন্দনপার্কের সামনে পাঁচটি, কল্যাণপুর ডিপোতে ১০টি, চন্দ্রা মোড়ে ১০টি, মতিঝিল ডিপোতে ১০টি, মহাখালী টার্মিনালে পাঁচটি, জোয়ারসাহারাতে ১০টি, মোহাম্মদপুরে সাতটি, হেমায়েতপুরে ছয়টি ও চন্দ্রা বাসস্ট্যান্ডে দুটি বাস থাকবে। অবশিষ্ট বাস সিটি সার্ভিস হিসেবে কাজ করবে।
এ ছাড়া ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সড়ক ও মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবেন। সড়ক ও মহাসড়কের ১৬টি পয়েন্টের যানজট নিরসনে পুলিশ প্রশাসনকে সহায়তা করার জন্য এক হাজার রোভার স্কাউট নিয়োজিত করা হবে। সংসদীয় কমিটি মহাসড়কের পাশে যাতে কোরবানির পশুর হাট বসতে না পারে, সে বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে।
কমিটির সভাপতি একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, নাজমুল হক প্রধান, লুৎফুন নেছা ও নাজিম উদ্দিন আহমেদ অংশ নেন।