ঈদের আনন্দ ছিল না বানভাসি মানুষের

ঈদে জিনস প্যান্ট আর চশমা নেওয়ার ইচ্ছা ছিল রোকনুজ্জামানের (৯)। কিন্তু ইচ্ছাটা মনের মধ্যেই রেখেছে সে, মুখ খুলে বাবাকে বলেনি। তৃতীয় শ্রেণির ছাত্র রোকনুজ্জামান এর কারণটাও বলল, বন্যায় তার বাবার সব শেষ হয়ে গেছে। তাই কিছু চায়নি।
বন্যার ভয়াবহতা ছুঁয়েছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তুলসীপুর গ্রামের এই শিশুটির মনটাকেও। ইচ্ছা পূরণ না হওয়া আর পরিবারের দুর্গতির কারণে ঈদে কোনো আনন্দ ছিল না তার মনে। রোকনুজ্জামানের মতো বন্যাদুর্গত দিনাজপুর, জামালপুর, মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকার বানভাসি মানুষের এবার ঈদ কেটেছে সাদামাটা। উৎসবের আমেজ ছিল না এসব এলাকায়।
দিনাজপুর সদর, চিরিরবন্দর, বিরল ও বীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, বন্যাদুর্গত মানুষের ঈদ কেটেছে ভেঙে পড়া বাড়িঘর ঠিকঠাক করে, নষ্ট হয়ে যাওয়া ফসলের খেতে নতুন উদ্যমে কাজ করে, পরিবারের আহার জোগাতে কাজে বেরিয়ে। অনেকে আবার ভাঙা ঘরে শুয়ে-বসে কাটিয়েছেন দিনটি।
চিরিরবন্দরের তুলসীপুর গ্রামের পাঁচ শতাধিক বাড়িঘরের মধ্যে অন্তত ৩০০ ঘর বন্যায় ভেঙে গেছে। মাঠের ফসলও রেহাই পায়নি। স্থানীয় বাসিন্দা মোকসেদ আলী বলেন, তিনি গত বছরও পশু কোরবানি দিয়েছিলেন। এবার বন্যায় তাঁর দুই বিঘা জমির আবাদ সম্পূর্ণ নষ্ট হয়েছে, তাই কোরবানি দিতে পারেননি। গত বছর তুলসীপুরে ৬৩টি গরু ও ২৪টি খাসি কোরবানি দেওয়া হয়েছিল। এবার হয়েছে মাত্র আটটি গরু ও চারটি খাসি।
বিরল উপজেলার খোপড়া গ্রামের ৩৫০টি বাড়ির মধ্যে ২১১টি বন্যায় সম্পূর্ণ ভেঙে গেছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও শতাধিক বাড়ি। ওই গ্রামের আখতারুল ইসলাম বলেন, ‘এবার দশ ভাগের এক ভাগ লোকও কোরবানি দিবার পারেনি। সবাই কোনো রকমে ঈদের নামাজটা পড়েছে। তারপর যে যার মতো কাজোত লাগছে।’
‘গোশত-পোলাও কই পামু?’
জামালপুরের ইসলামপুর উপজেলার বলিয়াদহ উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ২০ দিন ধরে আছেন সাজেদা বেগম। বলিয়াদহ গ্রামের এই গৃহবধূর স্বামী কৃষক। বন্যার পানির তোড়ে ভেসে যাওয়া বাড়িঘর মেরামতের সামর্থ্য নেই তাঁর। সাজেদা বললেন, ‘বানে ঘর ভাঙা, হাতে টাহাও নাই। আমগরে ঈদ কিসের? ঘরে খাউনের কিছুই নাই, গোশত-পোলাও কই পামু? বেলা গড়ালেও চুইলা পর্যন্ত জ্বলেনি।’
ইসলামপুরের ৮০ শতাংশ মানুষই কৃষির ওপর নির্ভরশীল। বন্যার কারণে পুরো উপজেলার বিধ্বস্ত চেহারা। রাস্তাঘাটসহ সব জনপথ লন্ডভন্ড। চারদিকে পড়ে আছে ভাঙাচোরা বেড়া-টিন। ঘরবাড়ি মেরামতের সামর্থ্য নেই বানভাসি অনেক মানুষের। তাই এখনো নিজ বাড়িতে ফিরতে পারেনি অনেকে। ঈদের দিন অনেকের চুলাই জ্বলেনি। বলিয়াদহ, চিনাডুলী, পূর্ব চিনাডুলী, দক্ষিণ চিনাডুলী, ডেবরাইপ্যাঁচ ও কাচিহারা গ্রাম ঘুরে এই চিত্র পাওয়া যায়।
পূর্ব বলিয়াদহ গ্রামে রাস্তার ওপর কয়েকজন বসে ছিলেন। তাঁরা জানালেন, এই গ্রামের কোথাও পশু কোরবানি হয়নি। সবাই ব্যস্ত ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করে মাথা গোঁজার ঠাঁই করায়।
আমতলী বাজার পেরিয়ে কিছু দূর যাওয়ার পর রাস্তা ভেঙে খালে পরিণত হয়েছে। পাশে ছোট কয়েকটি দোকানে বসে লোকজন গল্প করছিলেন। এ সময় দক্ষিণ চিনাডুলী গ্রামের মরজিনা বেগম বলেন, ‘ঘরঠা ভাঙা পইড়ে আছে। টাহার অভাবে ঠিক করতে পারছি না। নিজের ঘরে সেমাই, সুজি ও চিনি নাই। পোলাপানগরে নতুন জামা কাপড় নাই। তাইলে আমগরে কোঠাই ঈদ?’
খুপরিঘরে কষ্টের ঈদ
মৌলভীবাজার সদর উপজেলার কাউয়াদীঘি হাওরপারের পাগুড়িয়ায় বাঁধে খুপরিঘর তুলে মাসখানেক ধরে বাস করছে বন্যাদুর্গত শ খানেক পরিবার। ঈদের দিন সকালে সেখানে গিয়ে দেখা যায়, শিশুরা এদিক-ওদিক ছোটাছুটি করছে। ছোট্ট শিশু এনির হাতে মেহেদির রঙে আঁকা একটি ফুল। বানভাসি এই পাড়ায় ঈদের আমেজ বলতে এটুকুই চোখে পড়ল।
খুপরিঘরের পাশে কয়েকজন নারী অলস সময় কাটাচ্ছিলেন। অথচ এই সময়ে তাঁদের ঈদের রান্নাবান্না নিয়ে মহাব্যস্ত থাকার কথা। তাঁদের একজন আফিয়া বেগম (৪৫) বললেন, ‘আমরার কোনো ঈদ নাই। ঘরের মাঝে হাঁটুপানি। রানবার লাগি ঈদর দিন ভাত খাইতাম পারলাম না। হুরুত্তারে (বাচ্চাকাচ্চাদের) লইয়া আস্তাদিন উদান নাই, মাদান নাই (সকাল নেই, বিকেল নেই) রাস্তাত থাকি। রাইত অইলে ঘরও যাইয়া কোনো রকম চকিত ঘুমাই।’
একপর্যায়ে নারীদের ভিড়ে এসে যুক্ত হলেন কয়েকজন পুরুষ। সবার মুখেই বানভাসি জীবনের কষ্টের কথা। কাজকর্ম না থাকায় আয়রোজগার নেই। লকুছ মিয়া প্রতিবছর ঈদগাহে গিয়ে নামাজ পড়েন। ওই ঈদগাহে এখনো হাঁটুপানি থাকায় এবার গ্রামের মসজিদে নামাজ পড়েছেন। তিনি বললেন, ‘বড় কষ্টের ঈদ আমরার। চলতির (রান্নার চুলা) মাঝে চাইরটা ভাত রান্ধি খাওয়াই দায় পড়ছে।’
গত জুনের শেষের দিকে কাউয়াদীঘি হাওরাঞ্চলে বন্যা দেখা দেয়। জুলাইয়ের মাঝামাঝিতে পানি কমতে শুরু করে। কিন্তু পরে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আবার বন্যা দেখা দেয়।
ঈদের দিন দুপুরে পাগুড়িয়ার বাঁধে আশ্রয় নেওয়া লোকজনের মধ্যে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন। সঙ্গে ছিলেন আখাইলকুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম আহমদসহ অন্যরা। ইউএনও প্রথম আলোকে বলেন, উপজেলার একাটুনা ও আখাইলকুরা ইউনিয়নে বানভাসি ২ হাজার ৫০ জনের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
[মৌলভীবাজার, জামালপুর ও বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি]