ঈদের আনন্দ নেই তিন হাজার পরিবারে
যমুনা নদীভাঙনের শিকার সিরাজগঞ্জের চৌহালী উপজেলার প্রায় তিন হাজার পরিবারে ঈদের আনন্দ নেই। নদীভাঙনে বাড়িঘর হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছে তারা। অনেকেই বাড়িঘর সরিয়ে নিতে ও নতুন জায়গায় আবাস গড়তে সর্বশক্তি নিয়োগ করেছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, উপজেলার খাসপুকুরিয়া ও খাসকাউলিয়া ইউনিয়নের প্রায় তিন হাজার পরিবার ঘরবাড়ি হারিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। এলাকার রাস্তাঘাট, পরিত্যক্ত জায়গায় শুধু ভাঙা ঘরবাড়ির সামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। লোকজনের অধিকাংশই অন্যত্র চলে গেছে।
আজিমুদ্দীন মোড় এলাকার ফেরদৌস আরা (৫০) বলেন, ‘তিন দিন আগে ঘরবাড়ি সব নদীগর্ভে চলে গেছে। একান্নবতী পরিবারের সাতজনের মধ্যে ছয়জনের পরিবার ছিন্নভিন্ন হয়ে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। কারও সঙ্গে দেখা নেই। আমরা একজনের বাড়ির জায়গা ভাড়া নিয়ে আপাতত ঠাঁই নিয়েছি। দুমুঠো খাবার জোগানই কঠিন, সামনে কোরবানি ঈদ থাকলেও এ চিন্তা মাথায় নেই।’
খাসকাউলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গনি মোল্লা জানান, গত আগস্ট মাসে পানি উন্নয়ন বোর্ড লোকদেখানোর নামে বালুর বস্তা ফেললেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এ কারণে চলতি বছরে প্রায় তিন হাজার পরিবার নদীভাঙনের শিকার হয়েছে। নদীর পাড় রক্ষার নামে পানি উন্নয়ন বোর্ড দুই কোটি টাকা নদীতেই ফেলে দিয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সাতটি ইউনিয়ন নিয়ে চৌহালী উপজেলা গঠিত। এর মধ্যে পাঁচটি ইউনিয়ন গত ৪৫ বছরে নদীভাঙনে বিলীন হয়ে যায়। গত দুই বছরের ভাঙনে উপজেলা পরিষদের সব স্থাপনা নদীগর্ভে চলে যায়। এর মধ্যে নতুন নতুন কিছু চর জেগে ওঠে। সেখানে বেশ কিছু বসতি হলেও মূলত সিংহভাগ নদীগর্ভেই রয়ে গেছে। বর্তমানে খাসকাউলিয়া ও খাসপুকুরিয়া এই দুটি ইউনিয়নের আংশিক টিকে আছে। চলতি বছরে অব্যাহত ভাঙনের পর এই দুটি ইউনিয়নের শতকরা ২৫ ভাগ স্থলভূমি টিকে আছে।
বন্যার পর যমুনার পানি কমতে থাকায় এক সপ্তাহ ধরে চৌহালী উপজেলার বোয়ালকান্দি এলাকা থেকে চরসলিমাবাদ পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক ভাঙন শুরু হয়।