ঈদের আনন্দ নেই পরিবারগুলোতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন পরেই ঈদ। প্রায় প্রতিটি ঘরেই চলছে ঈদের প্রস্তুতি। কিন্তু মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মার ভাঙনের শিকার পরিবারগুলোর মধ্যে নেই ঈদের আনন্দ। জমিজমা ও ঘরবাড়ি হারিয়ে এসব পরিবার এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। 
চলতি বর্ষা মৌসুমে পদ্মার ভাঙনের মুখে পড়েছে উপজেলার বয়ড়া, রামকৃষ্ণপুর, আজিমনগর, হারুকান্দি, গোপীনাথপুর, কাঞ্চনপুর ও লেছড়াগঞ্জ ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম।
গত শুক্রবার সরেজমিনে ভাঙনকবলিত কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, ভাঙনের শিকার পরিবারগুলোর কেউ অন্যের জমিতে, কেউ নদীর পাশে রাস্তায় কিংবা বাঁধের ওপর ঘর তুলে রয়েছে। নদীতে বসতভিটা হারিয়ে বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামের হোসেন মোল্লা স্ত্রী-সন্তানদের নিয়ে পড়েছেন চরম বিপাকে। অন্যের জমি ইজারা নিয়ে কোনোমতে মাথা গোঁজার ঠাঁই হয়েছে। একই পরিস্থিতিতে পড়েছেন গ্রামের হাফেজ বাদশা মোল্লা, ইয়াছিন মোল্লা, পান্নুসহ আরও অনেকে। রামকৃষ্ণপুরের জগন্নাথপুর গ্রামের সমেজ উদ্দিন, আমজাদ শেখ ও আবদুল হালিমেরও একই অবস্থা।
হাফেজ বাদশা মোল্লা বলেন, ‘কয়েক দফায় নদীভাঙনে আমাদের পাঁজরই ভাইঙা গেছে।’
তিন সন্তান, স্ত্রী ও বৃদ্ধ মাকে নিয়ে রামকৃষ্ণপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের দিনমজুর শহীদ মোল্লার সংসার। নদীভাঙনে শেষ সম্বল বসতভিটা হারিয়ে মাথা গোঁজার ঠাঁই হয়েছে পলাশের বাহির চর গ্রামে অন্যের জমিতে। বাঁশের বেড়া দিয়ে ছাপরা ঘর তুলে কোনোরকমে মাথা গুঁজেছেন। শহীদ মোল্লা বলেন, ‘নতুন জামাকাপড়ের বায়না ধরেছে পোলামাইয়্যা। বর্ষাকালে কাম-কাইজ কম। আয়-রোজগার না হওয়ায় ঘরে ঠিকমতো খাওনের চাল থাকে না। নতুন কাপড়চোপড় কিনমু কেমনে!’
স্থানীয় জনপ্রতিনিধি ও ভাঙনকবলিত লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছরই বর্ষায় হরিরামপুর উপজেলায় ভাঙন দেখা দেয়। এ বছর রামকৃষ্ণপুর ইউনিয়নের জগন্নাথপুর, রামকৃষ্ণপুর; কাঞ্চনপুরের মোহাম্মদপুর, হারুকান্দির ভেলাবাদ, আজিমনগরের ইব্রাহিমপুর, রঘুনাথপুর ও জালালদি এবং বয়ড়ার দরিকান্দি গ্রামের অধিকাংশই ভাঙনে বিলীন হয়ে যায়। এসব গ্রামের তিন শতাধিক পরিবার বসতঘর হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। এ ছাড়া দরিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হারুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।