ঈদের আনন্দ নেই পানিবন্দী ৩১ গ্রামের মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের ১৪টি ও মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের ১৭টি গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় জীবন যাপন করছে। ভাঙা বাঁধ দিয়ে বঙ্গোপসাগরের জোয়ারের পানি ঢুকে তাঁরা জলাবদ্ধতার কবলে পড়েছেন। ভেসে গেছে তাঁদের ঈদের আনন্দ।টেকনাফ: এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৩ জুলাই জোয়ারের ঢেউয়ে শাহ পরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকাসংলগ্ন বেড়িবাঁধ ভেঙে যায়। এর পর থেকে প্রতিমাসের পূর্ণিমা, অমাবস্যা ও ভারী বর্ষণে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাবরাং ইউনিয়নের ১৪টি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পানিবন্দী অবস্থায় জীবন যাপন করছে এসব গ্রামের ৪০ হাজার মানুষ। গতকাল বুধবার কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্থান কোমরসমান পানিতে নিমজ্জিত। জলাবদ্ধতার কারণে সেখানকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বর্ষার শুরু থেকে ক্যাম্পপাড়া গ্রামের দিনমজুর আলী হোসেন ঘরের মধ্যে বাঁশের মাচা তৈরি করে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাস করছেন। তাঁর স্ত্রী নূর আয়েশা জানান, তাঁরা ঠিকমতো খাওয়াদাওয়া করতে পারছেন না। জলাবদ্ধতার কারণে কোনো কাজকর্মও করা যাচ্ছে না। সামনে ঈদ। প্রতিদিন নতুন জামার জন্য তাঁর সন্তানেরা কান্নাকাটি করছে। কিন্তু জামা কেনার সামর্থ্য তাঁদের নেই।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন বলেন, জলাবদ্ধ গ্রামের মানুষকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।মহেশখালী: কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় থেকে জানা গেছে, ১৯৯১ ও ১৯৯৭ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের প্রায় ১৭ কিলোমিটার বেড়িবাঁধ লন্ডভন্ড হয়ে যায়। এরপর সিডর ও আইলার আঘাতেও এসব বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার না করায় ইউনিয়নের ১৭টি গ্রামে জোয়ারের পানি ঢুকছে। সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। এর মধ্যে গত ২৫, ২৬ ও ২৭ মে পূর্ণিমার জোয়ার ও সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে বাঁধের প্রায় ১২ কিলোমিটার ভেঙে যায়। ধলঘাটার সরইতলা গ্রামের বাসিন্দা আবদুল হক বলেন, এই এলাকার লোকজন প্রতিনিয়ত জোয়ারের পানি ঠেকাতে ব্যস্ত থাকেন। জলাবদ্ধতার বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. আনোয়ারুল নাসের বলেন, ভাঙা বাঁধ জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য পাউবো কর্তৃপক্ষকে বলা হয়েছে। পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দিন বলেন, স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করার জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে কাগজপত্র জমা দেওয়া হয়েছে। কিন্তু বরাদ্দ না আসায় স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা সম্ভব হচ্ছে না।