ঈদের আনন্দ নেই হাওরে
এলাকার বড় গৃহস্থ হিসেবে পরিচিত আবদুল আজিজ (৬৬)। বছরের এই সময়টা তিনি কোরবানির জন্য গরু কেনা আর ঘরের বাজারসদাইয়ে ব্যস্ত হয়ে পড়েন। ঈদের দিনটা পশু কোরবানি, দুস্থদের মধ্যে মাংস বিলানো, বাড়িতে মেহমানদারি ইত্যাদি নিয়ে আনন্দে কেটে যায়।
২০ বছর ধরে এভাবেই ঈদুল আজহা কেটেছে কৃষক আবদুল আজিজের। কিন্তু এবার এসবের ছিটেফোঁটাও তাঁকে ছোঁবে না। কারণ হাওরের ফসল হারিয়ে তিনি নিঃস্ব, নিজেই এখন ‘দুস্থ’। সংসারে দুবেলা ভাতের জোগাড় করতে হিমশিম খাচ্ছেন।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরপাড়ের রাধানগর গ্রামের এই বাসিন্দা বলেন, প্রতিবছর তিনি ৪০০-৫০০ মণ ধান ঘরে তোলেন। কিন্তু এবার হাওর তাঁকে শূন্য হাতে ফিরিয়েছে। অভাবের কারণে গরু বিক্রি করেছেন। তিন ছেলের মধ্যে একজন সিলেটে, একজন এলাকায় শ্রমিকের কাজ করছেন। অন্যজন কাজের সন্ধানে বাড়ি ছাড়ার চিন্তা করছেন।
শুধু ‘বড়’ কৃষক আবদুল আজিজ নন, হাওর এলাকার ফসলহারা সোয়া ৩ লাখ কৃষি পরিবারের সবার অবস্থা এখন এমনই। ফসলহানির পর অনাহারে-অর্ধাহারে দিন যাচ্ছে তাদের। এই অবস্থায় ঈদুল ফিতর গেছে, এসেছে ঈদুল আজহা। কোরবানি, বাজারসদাই দূরে থাক, ঈদের দিনটায় ভালোমন্দ খাওয়াও জুটবে না বেশির ভাগ মানুষের। বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার হাওরপাড়ের কয়েকটি গ্রাম ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাঁদের নিদারুণ কষ্টের নানা চিত্র পাওয়া গেছে।
তাহিরপুরের শনির হাওরপারের লোহাছড়া গ্রামের কৃষক মো. সেলিম উদ্দিন (৪৫) হাওরের ফসল যেমন হারিয়েছেন, কালবৈশাখী তাঁর বসতঘরটা গুঁড়িয়ে দিয়েছে। এরপর বন্যা চারপাশ থেকে চেপে ধরেছে ভাঙা ঘরটাকে। একটার পর একটা দুর্যোগ সামাল দিতে গিয়ে কাহিল সেলিম ভরদুপুরে ঘরের স্যাঁতসেঁতে মেঝেতে শুয়ে ছিলেন। উপজেলার আনোয়ারপুর থেকে ফতেপুর যেতে সড়কের বাঁ পাশে তাঁর ভাঙাচোরা ঘরটি। ঈদের প্রসঙ্গ তুলতেই সেলিম বললেন, ‘আমরার আর ঈদ। সকালে একটা আটার রুটি খাইলে দুপুরে নাই। ইলা অভাব হাওরে কোনো দিন দেখছি না। রাইতে বাইচ্চাইনরে লইয়া খালি পানি খাইয়া ঘুমাই।’
সেলিমের স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলে নিয়ে সংসার। হাওরের ধান পেলে অভাব হয় না। বর্ষায় মাছ ধরে অন্য খরচ মিটে যায়। কিন্তু এবার হাওরে মাছও মিলছে না। হাওরে ফসলহানির পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি মাসে ৩০ কেজি চাল ও ৫০০ টাকার যে সহায়তা দিচ্ছে, সেই তালিকায়ও সেলিমের নাম নেই।
একই গ্রামের সেলিনা বেগম (৫৫) অবশ্য বিশেষ ভিজিএফের আওতায় দেওয়া ওই সহায়তা পাচ্ছেন। তবে ওই চাল আর টাকায় এক সপ্তাহও যায় না। বাকি সময় খেয়ে না-খেয়ে থাকতে হয়। গ্রামের আবদুর রহমানের বসতঘরে এখনো হাওরের ঢেউ আছড়ে পড়ছে। নিচু জায়গার এই ঘরের ভেতরে এখনো বন্যার পানি। পরিবার নিয়ে অন্যের বাড়িতে আছেন। রহমান বলেন, ‘কে কারে দেখব, সাহায্য করব! সবার অবস্থা একই। বড় বড় গৃহস্থরাই পথের ফকির অইগিছে। আমরার আবার ঈদ কিতা।’
তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরপারের গোলাবাড়ী ও আলমপুরÑগ্রামে শতাধিক পরিবারের বাস। গোলাবাড়ীর বাসিন্দা জুলহাস মিয়ার আগে হাওরের ধান গেছে, ঝড়ে ঘরবাড়ি ভেঙেছে। এখন আবার বন্যায় ঘরবাড়ির ক্ষতি হয়েছে। আলমপুর গ্রামের মনজিল মিয়া বলেন, ‘মানুষের মাথাত ঈদের চিন্তা নাই। খাইত কি-লা, বাঁচত কি-লা এই চিন্তায় রাইতে ঘুম অয় না।’ একই উপজেলার মারালা গ্রামে পরিবার আছে ১৮০টির মতো। কিন্তু সরকারের সাহায্য পায় অর্ধেকের চেয়ে কম মানুষ।
তাহিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি বলেন, পুরো জেলায় একই অবস্থা। ক্ষতিগ্রস্ত মানুষের পাঁচ মাস বড় কষ্টে গেছে। আরও সাত মাস সামনে। সরকার তাদের প্রতি নজর না দিলে পরিস্থিতি খুবই খারাপ হবে।
জামালগঞ্জের হালির হাওরের কৃষকেরা গত বছরও ফসলহানির শিকার হন। পরপর দুবার ফসল হারিয়ে তাঁদের অবস্থা খুবই খারাপ। হাওরপারের বদরপুর গ্রামের বজলুল রশিদ বলেন, এখানে ২২২টি পরিবার আছে। ১৫২টি পরিবার সরকারি সহায়তা পায়। নিদারুণ কষ্টে আছে বাকি পরিবারগুলো। এরই মধ্যে ৫০-৬০ জন কাজের সন্ধানে গ্রাম ছেড়েছেন।
‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী বলেছেন, ‘হাওরে গত ঈদেও আনন্দ ছিল না, এবারও নেই। আমরা শুরু থেকেই বলছি, মানুষকে আগে খাবার দিতে হবে। সরকারি সহায়তা যেন সবাই পায়। কিন্তু সেটি হচ্ছে না। সরকারকে বুঝতে হবে, হাওরে সংকট দিনে দিনে প্রকট হচ্ছে। এই অবস্থায় ত্রাণ-সহায়তা বাড়াতে হবে।’
জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, সুনামগঞ্জে গত এপ্রিল মাসে ১৫৪টি হাওরের ১ লাখ ৬১ হাজার ৬১২ হেক্টর বোরো জমির ধান তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৯৯০টি কৃষক পরিবার। তখন কালবৈশাখীতে প্রায় ৩০ হাজার ঘরবাড়ির ক্ষতি হয়। আগস্টের বন্যায় আরও ১২ হাজার হেক্টর আমনখেতের ক্ষতি হয়েছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০ হাজার। ২৩ এপ্রিল থেকে বিশেষ ভিজিএফ কর্মসূচির মাধ্যমে হাওরের ১ লাখ ৬৮ হাজার কৃষক পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে। এই কর্মসূচির বাইরে আছে আরও ১ লাখ ৫৭ হাজার ৯৯০টি ক্ষতিগ্রস্ত পরিবার। এর মধ্যে ১ লাখ কৃষককে বিশেষ ভিজিএফের আওতায় আনার জন্য জেলা প্রশাসন খাদ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।
জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, বিশেষ ভিজিএফ কর্মসূচি অক্টোবর মাস পর্যন্ত চলমান থাকবে। আর আগস্টে বন্যা শুরুর পর খয়রাতি সহায়তা হিসেবে ৬৩৭ মেট্রিক টন চাল ও ২০ লাখ ৯০ হাজার টাকা এসেছে। এগুলো এখনো বিতরণ চলছে। এ ছাড়া গৃহনির্মাণ সহায়তা হিসেবে ৯৬১ বান্ডিল টিন ও ২৮ লাখ ৮৩ হাজার টাকা বরাদ্দ হয়েছে। সেগুলোও বিতরণ করা হবে।