ঈদের আনন্দ পৌঁছায় না তাঁদের ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেতের ফসল নষ্ট হয়ে যাওয়ায় ও হাতে নগদ টাকা না থাকায় জামালপুরের ইসলামপুরের বন্যা ও ভাঙনকবলিত ৩৫ হাজার মানুষ ঈদুল আজহা উদ্যাপন করতে পারছেন না। একই অবস্থা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জেলেদের। দেড় মাস ধরে নদীতে মাছ না পাওয়ায় তাঁদের ঈদের আনন্দ মাটি হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জামালপুর কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বন্যায় ইসলামপুর উপজেলার চিনাডুলী, বেলগাছা, কুলকান্দি, নোয়ারপাড়া ও সাপধরী ইউনিয়নের প্রায় ৩৫ হাজার মানুষ তিন সপ্তাহ পানিবন্দী ছিল। পানি কমার কয়েক দিন পর থেকে ওই সব ইউনিয়নে শুরু হয়েছে নদীভাঙন। ১৬ সেপ্টেম্বর থেকে গত মঙ্গলবার পর্যন্ত নদীভাঙনের শিকার হয়েছে তিন শতাধিক পরিবার।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, চিনাডুলী ইউনিয়নের পশ্চিম বামনা, দেলিরপাড়, ডেবরাইপ্যাচ, কুলকান্দি ইউনিয়নের মাঝিপাড়া, আটিয়ামারী, বেলগাছা ইউনিয়নের জারুলতলা, মন্নিয়ারচর, কাছিমা ও নোয়ারপাড়া ইউনিয়নের রাজনগর, তারতাপাড়াসহ কয়েকটি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত হাজার হাজার বসতঘর পড়ে। চারদিকে মাঠে ফসলের পরিবর্তে কাদা। এসব গ্রামের মানুষের মাঝে ঈদের আমেজ নেই। তারা এখন বন্যায় ক্ষতিগ্রস্ত বসতভিটা সংস্কারে কাজে ব্যস্ত। নদীভাঙনকবলিত মানুষ বসতঘর সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত। এ সময় কুলকান্দি গ্রামের কহিনূর বেগম বলেন, ‘ঘরে কিছু ধান-চাল ছিল, সেগুলোও ভাসিয়ে নিয়েছে যমুনা। পরিবারের সবাই দুই দিন ধরে অভুক্ত। হাতে কোনো টাকা নাই। খেয়ে না খেয়ে কোনোরকম চলছি।’
বেলগাছা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য দেলুয়ার হোসেন বলেন, এসব এলাকায় টানা ২১ দিন বন্যার পানি ছিল। বন্যার পানিতে ফসলসহ বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়। বন্যার কাদা না শুকাতেই যমুনা নদীর ভাঙন শুরু হয়েছে। এখনো অনেক পরিবার খোলা আকাশের নিচে রয়েছে। এসব পরিবারের সদস্যদের ভাগ্যে ঈদের দিন মাংস–পোলাও জুটবে না। ঈদের দিন অনেকের বাড়িতে চুলা পর্যন্ত জ্বলবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।
এক-দেড় মাস ধরে নদীতে জাল ফেলে কম ইলিশ পাওয়া যাচ্ছে। এ কারণে অর্থাভাবে এবার ঈদের আনন্দ মাটি হয়ে গেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কয়েকটি জেলেপাড়ার বাসিন্দাদের। গতকাল সকালে সরেজমিনে উপজেলার ষাটনল, বাহাদুরপুর, ছটাকী, এখলাসপুর, বদরপুর ও চরউমেদ এলাকার জেলেপাড়ায় দেখা গেছে, জেলে পরিবারগুলোর সদস্যরা মনমরা হয়ে বসে আছে। ষাটনল মালোপাড়ার জেলে মো. সিরাজ বলেন, ‘আশা আছিল এইবার নদীতে অনেক ইলিশ পামু। ইলিশ বেইচ্চা মহাজনের দাদনের টেয়া ও এনজিওর ঋণের কিস্তি শোধ দিমু। বালা কইরা ঈদ করুম। পোলা-মাইয়াগো নতুন জামা দিমু। এহন সবই মাডি। জালে ইলিশ উঠতাছে না। পকেডে টেয়া-পইসাও নাই। টেয়ার লইগা ঈদের সেমাই-চিনিও কিনতে পারতেছি না।’
চরউমেদ জেলেপাড়ার জেলে মো. আলমাছ মিয়া বলেন, ‘কয় দিন ধইরা জাল ফেইল্লা ইলিশ পাই না। ইলিশ বেইচ্চাই সংসার চালাই। ইলিশ না পাওনে ছেলে, মেয়ে ও স্ত্রী নিয়া গত এক-দেড় মাস ধইরা খাইয়া, না খাইয়া আছি। ঈদের জন্য কিছুই কিনি নাই। নদীতে ইলিশ নাই, আমাগো কপালেও ঈদ নাই।’ চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বলেন, এখন নদীতে ইলিশ কম পাওয়ায় জেলে পরিবারগুলো অর্থকষ্টে আছে। কিছুদিন পর অনেক ইলিশ পাওয়া যাবে। তখন তাদের কষ্ট থাকবে না।