ঈদের আনন্দে গণিত উৎসব
শিক্ষার্থীরা ঈদের আনন্দে মাতল গণিত উৎসবে। গত সোমবার দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয় মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে।
গাংনী গণিত পরিবার এই উদ্যোগ নেয়। সকাল থেকে একে একে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৯০০ শিক্ষার্থী জড়ো হয়। উৎসবের উদ্বোধন করেন মেহেরপুর-২ আসনের সাংসদ মকবুল হোসেন।
‘গণিতের ভয় করব জয়’ স্লোগান সামনে রেখে তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণির এই শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। সকাল থেকে তিনটি বিভাগে প্রতিযোগিতা শুরু হয়। ঠিক বিকেল চারটায় বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। ৯০০ প্রতিযোগীর মধ্যে ৩৬ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে তাদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে ২০ জন প্রতিযোগীকে সম্মাননা পদক দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সাংসদ মকবুল হোসেন বলেন, গণিত উৎসব ও গণিত প্রতিযোগিতার মাধ্যমে এই উপজেলার শিক্ষার্থীরা তাদের মেধার পরিচয় তুলে ধরতে পারবে। এ রকম অনুষ্ঠানের ফলে পিছিয়ে পড়া ছাত্রদের মাঝে উদ্যম ছড়িয়ে পড়বে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. সেলিম তোহা। তিনি বলেন, পাঠ্যপুস্তকের অঙ্ক মেলানো সহজ। কিন্তু জীবনের অঙ্ক মেলানো বড় কঠিন। জীবনের অঙ্ক মেলাতে হলে সাহসী ও আত্মবিশ্বাসী হতে হবে। মনের শক্তিতে বলীয়ান হতে না পারলে জীবনের অঙ্ক মিলবে না। তিনি আরও বলেন, সব পরাজয়ের মধ্যে আছে জয়ের সূচনা। কোনো পরাজয়কে ভয় না পেয়ে জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে। তাহলে জীবনে একদিন সফলতা আসবেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উজ জামান, গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহা. মনিরুল ইসলাম, গাংনী গণিত পরিবারের পরিচালক মো. আল আমিন প্রমুখ।