ঈদের আনন্দে নৌকাভ্রমণ, লাশ হয়ে ফিরলেন ১০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোখের সামনেই ডুবে যেতে দেখেছেন চার বোন ও বোনের এক মেয়েকে। বেঁচে থেকেও স্বাভাবিক হতে পারছেন না ফারজানা আক্তার l ছবি: প্রথম আলো
চোখের সামনেই ডুবে যেতে দেখেছেন চার বোন ও বোনের এক মেয়েকে। বেঁচে থেকেও স্বাভাবিক হতে পারছেন না ফারজানা আক্তার l ছবি: প্রথম আলো

‘দুটো ছোট ঢেউ এসে নৌকাকে ধাক্কা দিল। এর পরপরই আরেকটি বড় ঢেউ এসে মাথার ওপর দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর একজন আমার হাত ধরে আরেক নৌকাতে তুলে নেয়। এরপর আর কিছু মনে নেই।’
ভাঙা কণ্ঠে কথাগুলো বলতে বলতে অচেতন হয়ে পড়েন ফারজানা আক্তার। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বৈরাগীর চরে ঈদের দিন বিকেলে পদ্মা নদীতে নৌকাভ্রমণে গিয়েছিলেন গঙ্গারামপুর গ্রামের আবদুল ওয়াহেদ বিশ্বাসের মেয়ে ফারজানা। সঙ্গে ছিেলন তাঁর আত্মীয়স্বজনসহ আরও ১৮ জন। নৌকা ডুবে তাঁদের মধ্যে ১২ জন নিখোঁজ হন। গতকাল বৃহস্পতিবার দুপুর নাগাদ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

চারজনের এই ছবির তিনজনই (পেছনের মাঝি বাদে) চলে গেছেন না-ফেরার দেশে। কুষ্টিয়ায় নৌকাডুবির কয়েক মিনিট আগে তোলা এই ছবি মালা আক্তারের (ডানে) স্বামী কাজলের মুঠোফোন থেকে সংগ্রহ করা—প্রথম আলো
চারজনের এই ছবির তিনজনই (পেছনের মাঝি বাদে) চলে গেছেন না-ফেরার দেশে। কুষ্টিয়ায় নৌকাডুবির কয়েক মিনিট আগে তোলা এই ছবি মালা আক্তারের (ডানে) স্বামী কাজলের মুঠোফোন থেকে সংগ্রহ করা—প্রথম আলো

নিহত ব্যক্তিরা হলেন: গঙ্গারামপুর গ্রামের ওয়াহেদ বিশ্বাসের মেয়ে মালা আক্তার (২৭), মালার মেয়ে নুসরাত তাবাসসুম কাজল (৭), মালার চাচাতো বোন বীথি আক্তার (১৪), সুবর্ণা আক্তার (৮) ও নুসরাত জাহান (৭) এবং পাশের ফারাকপুর গ্রামের আবু বক্করের মেয়ে সাবরিনা আক্তার (২০), একই গ্রামের তুফাজ্জেল হোসেনের ছেলে স্বপন আলী (২২), মোয়াজ্জেম মণ্ডলের ছেলে সাহাজুল ইসলাম (২১), মওলা বকসের ছেলে শিপন আলী (২২), বৈরাগীর চরের জামাল মালিথার ছেলে কালু মণ্ডল (১৮), ইমরুলের ছেলে ইমরান (৮) ও মেয়ে শিখা খাতুন (১৮)। এঁদের মধ্যে নুসরাত জাহান ও নুসরাত তাবাসসুমের লাশ গতকাল পর্যন্ত উদ্ধার করা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের দিন বিকেলে পদ্মা নদীতে নৌকা নিয়ে অনেকে ঘুরতে বের হন। বেলা তিনটার দিকে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকায় ওঠেন ১৮ জন। নদীর মাঝখানে যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। ঘাটে থাকা অন্য নৌকার মাঝিরা চেষ্টা করে ডুবে যাওয়া নৌকার মাঝিসহ সাতজনকে উদ্ধার করেন।
ঘটনার পরপরই কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, স্থানীয় সাংসদ রেজাউল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা ঘটনাস্থলে ছুটে যান। খবর দেওয়া হয় খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরিদের। স্থানীয় ব্যক্তিরা জাল ফেলেও নিখোঁজদের কোনো হদিস পান না। রাত আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পাঁচ সদস্যের ডুবুরি দল। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যক্তিরা।
জেলা প্রশাসক প্রথম আলোকে বলেন, লাশ দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।