ঈদের আমেজ নেই কৃষকের মনে
কয়েক দিন পরই উদ্যাপিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই ঈদকে ঘিরে রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় সাধারণ মানুষের মধ্যে কোনো আমেজ নেই। ঈদের বাজারে নেই কেনাকাটা। পশুরহাটে নেই ক্রেতা। গত বছরের চেয়ে পশুর দামও এবার অনেক কম। সাধারণ মানুষের অভিযোগ, কৃষিনির্ভর ওই দুই উপজেলায় কৃষিপণ্যের দাম না পাওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে কোরবানির পশুরহাটে। এলাকা ঘুরে জানা গেছে, কৃষকেরা এখন ব্যস্ত উঠতি আমন ফসল নিয়ে। ইতিমধ্যে আগাম জাতের ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। কিন্তু বাজারে দাম নেই। উৎপাদনখরচও উঠছে না। কয়েক বছর ধরে কৃষক উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। বিগত মৌসুমে আলু চাষ করে হিমাগারে রেখে লোকসান হওয়ায় তা বের করেননি। এবারও গ্রানুলা জাতের আলু হিমাগারে রাখার পর বের করছেন না চাষিরা। কারণ, এই আলু বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে প্রতি বস্তা (৮৫ কেজি) ৭০০ থেকে ৭৫০ টাকায়। অথচ হিমাগার ভাড়াসহ উৎপাদনখরচ পড়েছে বস্তাপ্রতি প্রায় এক হাজার টাকা। গত মৌসুমে ধান, পাট, ভুট্টা ও সবজির চাষ করে লোকসান গুনেছেন কৃষকেরা। বদরগঞ্জের আমরুলবাড়ী গ্রামের কৃষক মোক্তার হোসেন আলী (৫৩) বলেন, ‘দুই বছর থাকি আলু, পাট, ভুট্টা, সবজি ও ধান আবাদ করি লস খাওচি। এবারও ধানের দাম নাই। দ্যান ধাক্কা করি আমন ধান গাড়চি। কী যে হইবে, সেই চিন্তায় বাঁচোচি না। হাতোত টাকা নাই। এবার গরুত ভাগ দেওয়া হামার হবার নেয়।’ গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, গত মৌসুমে আলু, ফুলকপি, বাঁধাকপিসহ অন্যান্য সবজির চাষ করে কৃষক মূলধন হারিয়েছেন। অতি কষ্টে খরচ জুগিয়ে এবার উঠতি আমন নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। কারণ, বাজারে এখন আগাম জাতের নতুন ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ২৪০ থেকে ২৫০ টাকায়। এতে উৎপাদনখরচ উঠছে না। তাই কোরবানির ঈদের গরু কেনা নিয়ে সাধারণ কৃষকের ভাবনা কম।দাম কম তবুও কোরবানির পশু কিনছেন না কেন জানতে চাইলে তারাগঞ্জের মেনানগর এলাকার কৃষক রহমত আলী (৪৫) বলেন, ‘বাবা, আল্লাহর রহমত হইচে ধানোত। কিন্তুক সরকার সেই রহমত তুলি নেছে। ধান আবাদ করি এবারও লস। গরু আধা মাগনায় (অল্প দামে) দেলেও হামর কিনার টাকা নাই।’ তারাগঞ্জের পশুরহাটের টোল আদায়কারী আনোয়ার হোসেন বলেন, ‘সাত-আট বছর ধরে আমি পশুরহাটে টোল আদায় করি। গত কোরবানির হাটে যে গরু ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে, সেই গরু এবার ১৭ থেকে ১৮ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। তার পরও ক্রেতা নেই।’ বদরগঞ্জের তৈরি পোশাক বিক্রেতা সোহেল রানা বলেন, ব্যবসায়ীদের এখন দিন চলে বছরে দুইটা ঈদ আর একটা পূজার বিক্রি দিয়ে। বলতে গেলে এবার ঈদ-পূজায় বিক্রি নেই। দোকানে হাত-পা গুটিয়ে বসে থাকতে হচ্ছে। বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, কৃষকের দুরবস্থা। কোরবানির ঈদ এসেছে এমন সময় যখন হাতে টাকা নেই। উৎপাদিত ফসলের দামও পাচ্ছেন না। কোরবানির পশুরহাটে এর নেতিবাচক প্রভাব পড়েছে। বিক্রি নেই বললেই চলে।