ঈদের আমেজে চট্টগ্রামের অফিসপাড়া প্রাণহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পর চট্টগ্রামের অফিসপাড়ায় এখনো প্রাণ ফেরেনি। বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তুলনামূলক কম। যানবাহনের সংকট, হরতালসহ নানা কারণে উপস্থিতি কম বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।অফিসপাড়া জমজমাট হতে আগামী সপ্তাহ লেগে যাবে বলেও মনে করছেন রেলওয়ে পূর্বাঞ্চলের এক কর্মকর্তা। তিনি বলেন, আগামীকাল (আজ) থেকে দুই দিনের হরতাল। বৃহস্পতিবার সরকারি ছুটি। অনেকে দূর-দূরান্ত থেকে পৌঁছাতে পারেননি এখনো। তাঁরা হরতাল মাথায় নিয়ে কীভাবে আসবেন? এ ছাড়া অনেকে ছুটিও নিয়েছেন।গত রোববার থেকে সরকারি-বেসরকারি বিভিন্ন কার্যালয় খুলেছে। কিন্তু খোলার দ্বিতীয় দিন গতকাল সোমবারও বিভিন্ন চেয়ার খালি দেখা গেছে। হরতালের কারণে অনেকে ছুটি বাড়িয়েছেন বলেও সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে।রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন দপ্তর ঘুরে দেখা গেছে উপস্থিতি অনেক কম। ঈদের ছুটিতে বাড়ি যাওয়া লোকজন ফেরেননি। একই অবস্থা চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশন কার্যালয়েও। উপস্থিতি তুলনামূলক কম। অফিসের কয়েকজন ছুটিতে রয়েছেন বলে জানালেন কোতোয়ালি থানা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান। তিনি বলেন, ‘ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে অনেকে পাওনা ছুটি নিয়েছেন। কাল থেকে অফিস জমজমাট হয়ে যাবে আশা করি।’একইভাবে সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ে উপস্থিতি কম দেখা গেছে। বিভিন্ন অফিসে গতকালও চলেছে ঈদের কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়। আজ মঙ্গলবার থেকে জামায়াতের টানা দুই দিনের হরতালের কারণে অফিসপাড়া জমজমাট হতে হতে আগামী সপ্তাহ লেগে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে গতকালও নগরের বিভিন্ন বাস টার্মিনালে ঈদ শেষে নগরে ফেরা মানুষের ভিড় দেখা গেছে।