ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে নগরের নিউমার্কেট থেকে তিনপুলের মোড় পর্যন্ত রাস্তা দিয়ে সব ধরনের বাস ও হিউম্যানহলার চলাচল বন্ধ থাকবে।আগামী ১৫ রমজান থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নগর পুলিশের যানবাহন শাখার কর্মকর্তারা গাড়ির মালিকদের সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেন। রমজান মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নিউমার্কেট, জহুর হকার্স মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, তামাকুমন্ডিলেন, শাহ আমান মার্কেট ও আশপাশের ফুটপাতে বেচাকেনা বেশি হয়। এ সময় মধ্য ও নিম্নবিত্ত পরিবারের হাজার হাজার ক্রেতার উপচে পড়া ভিড় থাকে এই বিপণিবিতানগুলোতে। নিউমার্কেটের মোড় থেকে তিনপুল পর্যন্ত প্রায় ৪০০ মিটার রাস্তার দুই দিকে এই বিপণিবিতানগুলোর অবস্থান।নগর যানবাহন শাখার উপপুলিশ কমিশনার কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ১৫ রমজান থেকে ঈদ পর্যন্ত নিউমার্কেট হয়ে তিনপুল দিয়ে সব ধরনের বাস ও হিউম্যানহলার চলাচল বন্ধ থাকবে। বিকল্প হিসেবে গাড়িগুলো কোতোয়ালি মোড় দিয়ে গন্তব্যে যেতে পারবে। কিংবা নিউমার্কেটের মোড় ঘুরে (ইউটার্ন) আবার স্টেশন সড়ক দিয়ে টাইগারপাস দিয়ে চলে যেতে পারবে।’ গতকালের বৈঠকে পরিবহন মালিকদের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।নগর যানবাহন শাখার উপকমিশনারের সদরঘাটের কার্যালয়ে গতকাল দুপুরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গতকালের বৈঠকে উপস্থিত সিটিবাস, মিনিবাস, হিউম্যানহলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নগরের ৫, ৬ ও ৭ নম্বর রুটের বাস কোতোয়ালি মোড় দিয়ে গন্তব্যে ঘুরে যাবে। আর ৮ নম্বর রুটের গাড়ি নিউমার্কেটের বৃত্ত ঘুরে আবার স্টেশন সড়ক দিয়ে চলে যাবে। ব্যবসায়ী ও ক্রেতাদের স্বার্থ বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’