ঈদের কেনাকাটায় সরগরম কিশোরগঞ্জের বিপণিবিতান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে ঈদের কেনাকাটা জমে উঠেছে। শহরের বিপণিবিতানগুলোতে বিপুলসংখ্যক ক্রেতা ভিড় করছে প্রতিদিন। বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রিও হচ্ছে বেশ।ঈদ সামনে রেখে শহরের প্রতিটি মার্কেট রং-বেরঙের ব্যানার দিয়ে সাজানো হয়েছে। শহরের ঈশা খাঁ সুপার মার্কেট, নিরালা টাওয়ার, আনোয়ারা সুপার মার্কেট, মাধবী প্লাজা, রুমা সুপার মার্কেট, খালেক মার্কেট, নতুন বাজার, ঈশা খাঁ রোড, বড়বাজার ও তেরীপট্টির মার্কেটে এখন সকাল থেকে বিপুলসংখ্যক ক্রেতার সমাগম হয়। বিকেলে ক্রেতাদের চাপ বাড়ে। বিভিন্ন দোকানির সঙ্গে আলাপ করে জানা গেছে, রোজার শুরু থেকেই মার্কেটের থান কাপড়ের দোকানগুলোতে বিক্রি শুরু হয়। সপ্তাহ না ঘুরতেই শাড়ি-কাপড়, জুতা ও কসমেটিকসসহ অন্য পণ্যসামগ্রী বিক্রিরও ধুম লাগে।শহরের খড়মপট্টি এলাকা থেকে ঈদের কেনাকাটা করতে আসা গৃহিণী আফরোজা বেগম প্রথম আলোকে জানান, দোকানিরা এবার দাম একটু বেশি হাঁকছেন। তাই মার্কেট ঘুরে ঘুরে দরদাম করে তিনি ছেলেমেয়েদের পোশাক কিনছেন। তাঁর অভিযোগ, একই জিনিসের দাম দোকানভেদে ভিন্ন রকম। এতে বিপাকে পড়তে হয়।শহরের শোলাকিয়া এলাকার চাকরিজীবী বিলকিস আরা জানান, ‘বাজারে এসে ছেলেমেয়েদের জামা-কাপড়ের দরদাম জেনে গেলাম। বেতন-বোনাস পাওয়ার পরই পরিবারের সদস্যদের জামা-কাপড় কিনব।’পুরান থানা এলাকার গৃহিণী আছমা বেগম বলেন, ‘মার্কেটগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এটা খুব ভালো লেগেছে। মোটামুটি ভালো দামে শাড়ি, থ্রিপিস ও জামা কিনতে পেরে আমার ছেলেমেয়েরা খুশি।’ইফতি ফ্যাশনের মালিক সৈয়দ জাহাঙ্গীর সাদেক প্রথম আলোকে জানান, ‘এবার চাঁদাবাজদের উত্পাত নেই। ক্রেতারা শান্তিপূর্ণ পরিবেশে বিভিন্ন সামগ্রী কিনতে পারছে। সব শ্রেণীর ক্রেতার সামর্থ্যের কথা চিন্তা করে এবার কম লাভে আমরা পণ্যের দাম নির্ধারণ করেছি। এতে বিক্রি ভালোই হচ্ছে।’শাড়ীকা দোকানের মালিক বাবুল রায় জানান, ঈদ ও পূজা পাশাপাশি হওয়ায় বেচাবিক্রি ভালো। তবে আশাতীত নয়। এ বছর শিফন ও জর্জেটের শাড়ির চাহিদা রয়েছে। জরি, চুমকি ও সুতার কাজ করা শাড়ির চাহিদা বেশি। তবে চার থেকে ছয় হাজার টাকা দামের শাড়ি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।মা গার্মেন্টসের মালিক রুনন জানান, বিক্রি মোটামুটি। মাঝারি দামের জামা-পাঞ্জাবি বিক্রি হচ্ছে বেশ। টিপটপ শু স্টোরের মালিক গৌতম সরকার জানান, এবার জুতার চাহিদা বেশ। বিক্রি মোটামুটি ভালো। সবকিছু কেনার পর জুতা কিনতে আসে সবাই।