ঈদের খরচ জোগাতে জমির ধান বিক্রি
আর এক দিন পরই মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। গত কয়েক দফা ফসল আবাদ করতে গিয়ে পুঁজি হারিয়েছেন কৃষক। এরপর চলতি মৌসুমে আমন চাষে বাড়তি খরচ করে কৃষকের হাত এখন শূন্য। এ অবস্থায় খরচ জোগাতে ঈদের আগ মুহূর্তে ঠাকুরগাঁওয়ের কৃষকেরা জমির ধান আগাম বিক্রি করে দিচ্ছেন। এ সুযোগে ধান ব্যবসায়ীরা সেসব ধান কিনে নিচ্ছেন অস্বাভাবিক কম দামে।বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামের কৃষক ইউনুস আলী (৫৫) ছয় বিঘা জমিতে বোরো আবাদ করে উৎপাদন খরচ তুলতে পারেননি। এ কারণে চলতি আমন মৌসুমে পুঁজিসংকটে পড়েন। অনেক চেষ্টার পর তিন বিঘা জমি চাষের খরচ জোগাড় করতেই তাঁর হাত এখন শূন্য। ঈদের খরচ জোগাতে অবশেষে উপায় না দেখে গ্রামের এক ধান ব্যবসায়ীর কাছে খেতের কাঁচা ধান প্রতি মণ ৩৫০ টাকা দরে আগাম বিক্রি করে দিয়েছেন।ইউনুস আলী বলেন, ‘সামনে ঈদ। হাত একেবারেই শূন্য। ছেলেমেয়ের আবদার রক্ষা করা যেখানে কঠিন হয়ে পড়েছে, সেখানে কোরবানির পশু কিনব কী দিয়ে? তাই খেতের ধানের বিনিময়ে কিছু টাকা নিয়েছি।’সদর উপজেলার বাঁশগাড়া গ্রামের কৃষক আবদুস সামাদ (৪৬) বলেন, ‘দুই বছর থাকিয়া আলু, ভুট্টা ও ধানে লাভ পাওনি। ঋণ করিয়া দুই বিঘা জমিত ধান লাগাইছু। এলা ঈদ করিবার তানে টাকা থাকে কী করিয়া। ছুয়ালার জামা কিনিবার টাকা জোগাড় করিবার তানে জমির কিছু ধান বিক্রি করে দিছু। গরুত ভাগ দেওয়া হামার হবেনি।’সদর উপজেলার শিবগঞ্জ এলাকার কৃষক আবদুল লতিফ (৩৮) বলেন, ‘টাকার অভাবে গত ঈদ ভালো কাটেনি। এ ঈদেও হাতে একেবারেই টাকা নেই। তাই ঈদে ভাগে কোরবানি দেওয়ার জন্য জমির ধান আগাম বিক্রি করতে বাধ্য হয়েছি। দাম কম পেলেও ক্ষতি নেই। ঈদের খরচ তো জোগাড় করতে পেরেছি।’ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী বলেন, মহাজনদের খপ্পর থেকে এসব অসহায় কৃষকদের বাঁচাতে কর্মসূচি হাতে নেওয়ার বিষয়টি উচ্চ ফোরামে তোলা হবে।