ঈদের খরচ জোগাতে মামাতো বোনকে অপহরণ, তারপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের খরচ জোগাড় করতে আপন মামাতো বোনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিলেন আলী আজম (২৩)। কিন্তু শেষ রক্ষা হয়নি। গত বুধবার গভীর রাতে সহযোগীসহ আজম ও তাঁর চার সহযোগী গ্রেপ্তার হয়। পটিয়া থেকে উদ্ধার করা হয় অপহূত শিশু আনিকা রহমানকে (৫)।গ্রেপ্তারকৃত অন্যরা হলেন আরিফুল ইসলাম (২৫), সবুজ মিয়া (২০), বাবু (২০) ও সিএনজিচালিত অটোরিকশাচালক সাইফুল (২৯)। তাঁদের পটিয়ার খরনা থেকে বাকলিয়া থানার পুলিশ পটিয়া পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। প্রথম তিনজন আজমের বন্ধু। তাঁরা সবাই নগরের চাক্তাই এলাকায় পোশাক কারখানায় চাকরি করেন।১ আগস্ট সন্ধ্যায় নগরের চাক্তাই ফায়ার সার্ভিস এলাকার বাসার সামনে থেকে অপহূত হয় আনিকা। তাঁর বাবার নাম আবদুর রহমান। দুই ভাই, এক বোনের মধ্যে আনিকা সবার ছোট। এই ঘটনায় ২ আগস্ট বাকলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন আবদুর রহমান। আবদুর রহমান জানান, তাঁর বড় বোনের ছেলে আজম গার্মেন্টসে চাকরি করেন। চাক্তাই এলাকায় ব্যাচেলর বাসায় থাকেন। আবদুর রহমানের বাসায় আজম আসা-যাওয়া করেন সব সময়। আজম আনিকাকে অপহরণ করে আরিফের মাধ্যমে প্রথমে তিন লাখ ও পরে দুই লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।পুলিশ সূত্রে জানা গেছে, আনিকাকে অপহরণের পর সিএনজিচালিত অটোরিকশাযোগে তাঁকে পটিয়ায় আরিফের বোনের বাসায় নিয়ে লুকিয়ে রাখে। আজম সেখান থেকে এসে এখানে পরিবারের সঙ্গে মামাতো বোনের খোঁজে থানাসহ বিভিন্ন স্থানে যাওয়া-আসা করতে থাকে। পরে মুক্তিপণ ও মোবাইলের সূত্র ধরে অপহরণকারীদের চিহ্নিত করা হয়।