ঈদের চলচ্চিত্রে তারকা শিল্পীদের দাপট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ। ঈদ উপলক্ষে নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি দেওয়ার রেওয়াজ চলে আসছে অনেক দিন থেকে। এবারও ঈদুল ফিতরের উৎসব ঘিরে রুপালি পর্দায় আসছে নতুন বেশ কয়েকটি চলচ্চিত্র। ঈদের দিন থেকে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে এসব ছবি দেখা যাবে। ঈদে মুক্তির মিছিলে থাকা ছবিগুলোর প্রযোজনা প্রতিষ্ঠানে প্রেক্ষাগৃহ মালিক ও বুকিং এজেন্টদের নিত্য আসা-যাওয়া চলছে এখন। কোনো কোনো প্রেক্ষাগৃহে চলছে সংস্কারের কাজ। দেয়ালে দেয়ালে ঝুলছে নতুন চলচ্চিত্রের পোস্টার। বরাবরের মতো এবারও তারকা শিল্পীদের দাপট থাকবে।গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের ঈদেও শাকিব খানের নতুন ছবিই বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সূত্রমতে, এই ঈদে ছয়টি চলচ্চিত্রে দেখা যেতে পারে শাকিবকে। নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে নিপুণের। তাঁর চারটি ছবি মুক্তি পাবে। শীর্ষ তারকাদের মধ্যে ফেরদৌসের শুধু একটি ছবি থাকবে। ছোট পর্দার অভিনেত্রী তিন্নি অভিনীত একটি ছবি দেখা যাবে এই ঈদে। চলচ্চিত্রের শীর্ষ চার নায়িকা মৌসুমী, শাবনূর, পপি ও পূর্ণিমা এবং নায়ক রিয়াজ ও আমিন খানের নতুন কোনো ছবি থাকবে না এবারের ঈদে।ঈদে শাকিব খান অভিনীত ছবির তালিকায় আছে সোহানুর রহমান পরিচালিত সে আমার মন কেড়েছে, শাহীন সুমনের পরিচালনায় খোদার পরে মা, এফ আই মানিক পরিচালিত মাই নেম ইজ সুলতান এবং আরিফ ইস্পাহানির ঢাকার কিং। নায়কদের মধ্যে এবার ঈদে মুক্তি পাচ্ছে নিরব অভিনীত তুমি আসবে বলে ও আত্মদান। এর মধ্যে আশরাফুর রহমান পরিচালিত তুমি আসবে বলে মুক্তি দেওয়া হবে প্রেক্ষাগৃহে আর শাজাহান চৌধুরীর আত্মদান দেখা যাবে ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইয়ে। নিজের দুটি ছবি নিয়ে উচ্ছ্বসিত নিরব। তিনি বলেন, ‘অন্যবারের চেয়ে এই ঈদ আমার জন্য একটু আলাদা। কারণ, এবার একসঙ্গে প্রধান নায়ক হিসেবে আমার দুটি ছবি মুক্তি পাচ্ছে।’ প্রসঙ্গত, এখন পর্যন্ত মুক্তি পেয়েছে ১২টি ছবি। নায়কসংকটের এ সময় তাঁর ছবিগুলো নিয়ে সাধারণ নির্মাতাদের মনে অনেক প্রত্যাশা। নিরবের ছবি দুটি যদি দর্শকপ্রিয়তা পায়, তাহলে তাঁকে নিয়ে নির্মাতারা নতুন করে ভাববেন বলে ধারণা করা হচ্ছে।শাকিব-নিরবের সঙ্গে এবার ঈদে নবীন নায়ক অনন্তও প্রতিযোগিতায় নামছেন। পেশায় মূলত ব্যবসায়ী এই নায়কের নিজের প্রযোজিত-অভিনীত মোস্ট ওয়েলকাম মুক্তি পাবে। অনন্য মামুন পরিচালিত এ ছবিই রোজার ঈদের সবচেয়ে বড় বাজেটের। এটি অনন্তের চতুর্থ ছবি। তিনি জানান, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে একটি আন্তর্জাতিক মানের ছবি তৈরি করার চেষ্টা করেছি। কতটা পেরেছি তা দর্শকই বিচার করবেন।’ছবির সংখ্যার দিক দিয়ে এগিয়ে থাকা নিপুণ অভিনীত ছবির মধ্যে রয়েছে ঢাকার কিং, তুমি আসবে বলে, আত্মদান এবং বাসু চ্যাটার্জির হঠাৎ সেদিন ঈদে মুক্তি পাচ্ছে। ঈদে আসছে সাহারার তিনটি ছবি। এ তালিকায় আছে খোদার পরে মা, মাই নেম ইজ সুলতান ও ডন নাম্বার ওয়ান। এবার ঈদে সবচেয়ে বড় আকর্ষণ ছোট পর্দার অভিনেত্রী তিন্নির বাণিজ্যিক ছবিতে অভিষেক। তিনি অভিনয় করেছেন সে আমার মন কেড়েছে ছবিতে। এখানে তাঁর সহশিল্পী শাকিব খান। বড় পর্দায় এটি তিন্নির দ্বিতীয় ছবি। বলিউড অভিনেত্রী স্নেহাকে এবার দেখা যাবে ঢাকাই ছবিতে। অনন্য মামুন পরিচালিত মোস্ট ওয়েলকাম ছবিতে অভিনয় করেছেন স্নেহা।এদিকে ফেরদৌস অভিনীত হঠাৎ সেদিন মুক্তি পাবে এবারের ঈদে। তবে প্রেক্ষাগৃহে নয়, টিভিতে বিশ্ব প্রদর্শনী হবে। এ ছবিটি প্রযোজনা করেছেন ফেরদৌস নিজেই। পরে এটি কিনে নেয় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, যদি ভিডিও পাইরেসি বন্ধ করা যায়, তাহলে এবার ঈদের ছবিগুলো দিয়েই নতুন করে ঘুরে দাঁড়াবে ঢাকাই চলচ্চিত্র।