ঈদের চার দিন আগে ও পরে ট্রাক চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের চার দিন আগে ও পরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব ধরনের পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। একই সঙ্গে এক সপ্তাহ আগে-পরে ঘাটে ও নৌপথে নিয়োজিত থাকবেন দুটি ভ্রাম্যমাণ আদালত।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৮ আগস্ট সমুদ্র পরিবহন অধিদপ্তরের এক স্মারকের পরিপ্রেক্ষিতে ঈদুল ফিতর উপলক্ষে ঈদের এক সপ্তাহ আগে এবং এক সপ্তাহ পর পর্যন্ত রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ দেওয়া হয়। ২১ আগস্ট জেলা প্রশাসক রাজবাড়ী কার্যালয়ের জেলা ম্যাজিস্ট্রেটের (দায়িত্বপ্রাপ্ত) নির্দেশমতো গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দীন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোশাররফ হোসেন খানকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নিয়োগ দেন। গতকাল শুক্রবার থেকে তাঁরা আদালত পরিচালনা শুরু করেছেন। এ ছাড়া সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ের এক সভার সিদ্ধান্ত মোতাবেক ঈদের চার দিন আগে ও চার দিন পর পর্যন্ত এই ঘাট দিয়ে সব ধরনের পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে।পুলিশ প্রশাসনের সহযোগিতায় ঘাটে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ক্যানেলঘাট থেকে শুরু করে ১ নম্বর ফেরিঘাটের জিরো পয়েন্ট পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে ডিভাইডার দেওয়ায় যানবাহনগুলো সারিবদ্ধভাবে পারাপার হচ্ছে। নবাগত পুলিশ সুপার মো. রেজাউল হকের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এক সপ্তাহ ধরে সিরিয়াল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন।গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আবুল বাসার বলেন, পুলিশ সুপারের নির্দেশমতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় অর্ধশত সদস্য সার্বিকভাবে দায়িত্ব পালন করছেন। গোয়ালন্দর ইউএনও প্রথম আলোকে বলেন, দৌলতদিয়া দিয়ে সুষ্ঠুভাবে যানবাহন ও যাত্রী পারাপার নিশ্চিত করতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি পণ্যবাহী ট্রাকগুলোকে যমুনা সেতু হয়ে চলাচলের জন্য বলা হয়েছে।