ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ রোববার খুলছে সব অফিস-আদালত। নাড়ির টানে ঈদে যাঁরা ঘরমুখো হয়েছিলেন তাঁরা এখন আবার রাজধানীমুখী। ফলে গতকাল শনিবার থেকে ঢাকামুখী সড়ক, রেল ও নৌপথে ছিল প্রচণ্ড ভিড়।প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ করতে ঢাকার বাইরে যাওয়া মানুষের পথে পথে যানজট, নৌজট কিংবা রেলওয়ের টিকিট নিয়ে যে দুর্ভোগে পড়তে হয়েছিল এখন অনেকটাই সে চিত্র পাল্টেছে। তবে যাঁরা ফিরে আসছেন, আর যাঁরা ঢাকায়ই ছিলেন সবাই আলোচনা করছেন আবারও অসহনীয় যানজটের রাজধানীতে কর্মব্যস্ততার কথা। হয়তো আজই সেই আগের চিত্র দেখা যাবে না। ঢাকার যানজটের রাজধানী হয়ে উঠতে আরও হয়তো এক সপ্তাহ পার হয়ে যাবে। কারণ, অনেকে বাড়ি থেকে ফিরবেন আরও একটু দেরি করে।সূত্রগুলো থেকে পাওয়া তথ্যে জানা যায়, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীদের গত শুক্রবার রাত পর্যন্ত মাওয়া কিংবা পাটুরিয়া ফেরিঘাটে দুর্ভোগে পড়তে হয়নি। তবে গতকাল শনিবার বিকেল থেকে এসব ফেরিঘাটের দুই পাড়ে হালকা থেকে ভারী ধরনের যানজট শুরু হয়েছে। মধ্যরাতে তা আরও কিছুটা বেড়ে মানুষকে কষ্টে ফেলেছে। তবে ঢাকা-চট্টগ্রাম সড়ক ও রেলপথে যাত্রীর চাপ থাকলেও তা গতকাল পর্যন্ত দুর্ভোগের কারণ হয়নি। সদরঘাট টার্মিনালে দক্ষিণের ফিরতি যাত্রীদের চাপ বাড়ছে। রাজশাহী, দিনাজপুরসহ উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী মানুষের যথেষ্ট চাপ ছিল গতকাল রেলপথে। ওই অঞ্চলের সড়ক পথেও ফিরে আসার চাপ বাড়ছে। এই অবস্থা চলবে আগামী কয়েক দিন।