ঈদের ছুটিতে অচেনা ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদে নাড়ির টানে ঢাকা ছেড়ে অনেকেই ছুটে গেছেন মা ও মাটির কাছে। ফলে ইট-সুরকি আর বিজলিঝলমলে ঢাকা নগর প্রায় খালি হয়ে গেছে। ঈদের তিন দিন ও শুক্র-শনিবার মিলিয়ে পাঁচ দিনের লম্বা ছুটি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মানুষের অবিরাম ছুটে চলায় মিলেছে সাময়িক বিরতি। ফলে এই নগরে চিরচেনা মানুষের জটলা, গাড়ির হর্নের শব্দ, যানবাহনের ভিড়, ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকা—এর কোনো কিছু নেই। এই ফাঁকা ঢাকায় যাঁরা রিকশা কিংবা নানা ধরনের গাড়ি চালাচ্ছেন, তাঁদেরও যেন তাড়া নেই। সিগনালের লাল বাতি আছে, কিন্তু তাতে না থামলেও চলছে। সিগনালে চিরচেনা ভিক্ষুকেরাও প্রায় উধাও। দোকানপাট বন্ধ। ঈদের ছুটির এই ঢাকা সাধারণের কাছে একেবারেই অচেনা এক নগরের মতো ঠেকছে।অফিস, বাসার বাইরে আর কোথাও যাওয়ার কথা চিন্তা করলেই যেখানে যেকোনো নগরবাসীর অসুস্থ হয়ে যাওয়ার উপক্রম হতো, সেখানে ঈদের সামাজিকতা রক্ষায় যাঁরা আত্মীয়স্বজনের বাসায় গিয়েছেন তাঁরা ছিলেন মহাখুশি। আগে যেখানে রাস্তায় দিনের অর্ধেক সময় ব্যয় করতে হতো, সেখানে মনে হয় যেন চোখের পলকে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন তাঁরা। ঈদের ছুুটিতেও যাঁরা ঢাকাবাসী, তাঁদের সব ভিড় গিয়ে ঠেকেছে শিশুপার্ক, চিড়িয়াখানা প্রভৃতি গুটিকয়েক বিনোদনকেন্দ্রে। একটু বিনোদন ও ভিন্ন ধরনের আনন্দের অন্বেষণে পরিবারের সবাই মিলে হাজির হয়েছেন এসব জায়গায়।তার পরও ঢাকা বলে কথা। একেবারে কোনো বিড়ম্বনা থাকবে না তা কি হয়? তাই প্রায় যানবাহনশূন্য নগরে যাদের নিজস্ব পরিবহন নেই তাদের পোহাতে হয়েছে অশেষ বিড়ম্বনা। পকেট থেকে বেরিয়ে গেছে বাড়তি টাকা। কোরবানির পশুর চামড়া আনা-নেওয়ার জন্য লালবাগসহ পুরান ঢাকায় যানজটও ছিল। সঙ্গে চামড়া ও অন্যান্য বর্জের দুর্গন্ধও কিছুটা অপ্রস্তুত করেছে নগরবাসীকে। ফাঁকা রাস্তায় নিয়ম না মেনে গাড়ি চালানোয় দুর্ঘটনাও ঘটেছে। বেশি ফাঁকা হয়ে যাওয়ায় নিরাপত্তা নিয়েও অনেকে ছিলেন চিন্তিত।ছুটি শেষের আগেই, ঈদের পরদিন বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার অল্প কিছু লোক কর্তব্যের দায় ও দায়িত্বের কারণে বাধ্য হয়ে ঢাকায় ফিরেছেন। তবে এ দুই দিনও অনেকেই ঢাকার বাইরে যাওয়ার জন্য ভিড় জমিয়েছেন ট্রেন ও বাস স্টেশনে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ফাউজুল হোসেন প্রথম আলোকে বলেন, ঈদের পরদিন ঢাকা থেকে ময়মনসিংহে যেতে টিকিট পেতে রীতিমতো লাইনে দাঁড়াতে হয়েছে।আজ শনিবারও ছুটি। তারপর মন না চাইলেও বাসিন্দাদের ফিরতে হবে এই নগরেই। ঢাকা আবার ব্যস্ত নগরে পরিণত হবে। মানুষের দম ফেলারও ফুসরত মিলবে না।