ঈদের ছুটিতে একটু আনন্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনোদনকেন্দ্রে দিনভর হইচই, ঘুরে বেড়ানো আর মজার সব রাইডে চড়ে এখন দারুণ সময় কাটছে শিশু-কিশোরদের। ছবিটি চট্টগ্রাম শিশুপার্ক থেকে গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
বিনোদনকেন্দ্রে দিনভর হইচই, ঘুরে বেড়ানো আর মজার সব রাইডে চড়ে এখন দারুণ সময় কাটছে শিশু-কিশোরদের। ছবিটি চট্টগ্রাম শিশুপার্ক থেকে গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

ঈদুল আজহায় বড়দের ব্যস্ততা একটু বেশি। ঈদের নামাজ শেষে পশু কোরবানি করা। এরপর মাংস কাটা, গরিব ও আত্মীয়স্বজনের মধ্যে সেই মাংস বিতরণ করতে করতেই দিনের অধিকাংশ সময় কেটে যায়।
ঈদের দিনে ব্যস্ততা আছে শিশু-কিশোদেরও। তবে বড়দের মতো নয়। বিকেল হতে না হতেই তারা দল বেঁধে বেরিয়ে পড়ে ভ্রমণে। তাদের আনন্দের ধরনই আলাদা। একসঙ্গে কয়েকজন মিলে রিকশায় চড়ে ফাঁকা রাজপথে ঘুরে বেড়ানো, দল বেঁধে চিড়িয়াখানা বা শিশুপার্কে যাওয়া, কোমল পানীয়ে গলা ভিজিয়ে নেওয়া।
ঈদের দিন সোমবার থেকে গতকাল বুধবার পর্যন্ত রাজধানীর রাজপথ প্রায় ফাঁকা, ঘুমন্ত। অথচ চন্দ্রিমা উদ্যান, সংসদ ভবন এলাকা কিংবা ধানমন্ডি লেক লোকে লোকারণ্য। ঈদের দিন মধ্যরাতে চন্দ্রিমা উদ্যানের সামনের রাস্তায় তো রীতিমতো যানজট ছিল!
ঈদের দিন সকাল থেকেই চিড়িয়াখানা, জাতীয় উদ্ভিদ উদ্যান, রমনা উদ্যান, শিশুপার্কে আসতে থাকে অগণিত মানুষ। বেসরকারি পর্যায়ে নির্মিত বিনোদনকেন্দ্র নন্দনপার্ক, ফ্যান্টাসি কিংডম, স্পোর্টস জোন, শিশুমেলা, ওয়ান্ডারল্যান্ডেও ভিড় ছিল প্রচুর।
যথারীতি এবারও ঈদের ছুটিতে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে শিশুপার্কে। পুরান ঢাকার বলধা গার্ডেন, আহসান মঞ্জিলসহ বেড়ানোর জায়গাগুলোতেও সপরিবারে এসেছিলেন অনেকে।
ধানমন্ডি লেকের আশপাশে ঈদের দিন থেকে ব্যাপক মানুষের সমাগম হয়। অপেক্ষাকৃত তরুণ বয়সীদের বেশি দেখা গেলেও সব বয়সী মানুষই এখানে ছুটির বিকেল কাটাতে এসেছিলেন। ধানমন্ডি ৮ নম্বর সড়কসংলগ্ন ব্রিজের ধারে, ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে মেলার আমেজ। অনেকেই সরোবরে নৌকা চালিয়েছেন।
পর্দায় ঈদ বিনোদন: ঈদের ছুটিতে অনেকে প্রেক্ষাগৃহে ঈদে মুক্তি পাওয়া সিনেমা দেখে, কেউবা পরিবারের সবাইকে নিয়ে বাসায় বসে টেলিভিশনের অনুষ্ঠান দেখে ছুটি উপভোগ করেছেন। এবারের ঈদে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি ছবি। মূলধারার বাণিজ্যিক সিনেমা হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শন সমিতির তালিকায় থাকা ছবিগুলো হচ্ছে কিস্তিমাত, সেরা নায়ক, কঠিন প্রতিশোধ, হিটম্যান। ঈদের পরদিন বেশির ভাগ হালেই দেখা গেছে প্রদর্শনীর নির্দিষ্ট সময়ের আগে ‘প্রেক্ষাগৃহ পূর্ণ’ নোটিশ।