পবিত্র ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটিতে এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব কটি আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা হল খোলা রাখার দাবি জানিয়েছেন।
সাব-রেজিস্ট্রার (প্রশাসন-১) রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ৭ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত ৪১ দিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এর মধ্যে ১ জুলাই থেকে ১৪ জুলাই সব আবাসিক হল বন্ধ রাখা হবে। ১৫ জুলাই থেকে হলগুলো আবার খুলে দেওয়া হবে।
প্রশাসনের এমন সিদ্ধান্তের সমালোচনা করে বিভিন্ন বিভাগের একাধিক শিক্ষার্থী বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দুই বছর ধরে ঈদের ছুটিতে হল বন্ধ রাখার রীতি শুরু হয়েছে। এতে শিক্ষার্থীরা নানা ধরনের সমস্যায় পড়েন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগে চূড়ান্ত পরীক্ষা চলছে, যা ঈদের পর শেষ হবে। সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, কিছুদিন পর পরীক্ষা শুরু হবে, যা ঈদের পরও চলবে।
বিশ্ববিদ্যালয় শাখা সনাতনী বিদ্যার্থী সংসদের সভাপতি রবিন কর্মকার বলেন, অনেকে টিউশনি বা খণ্ডকালীন চাকরি করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তাই বন্ধের মধ্যেও তাঁদের হলে থাকতে হয়। হল বন্ধ থাকলে নানা সমস্যায় পড়তে হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুর রহমান বলেন, ‘হল বন্ধ রাখার মতো কোনো পরিস্থিতি এখন ক্যাম্পাসে তৈরি হয়নি। তা ছাড়া প্রশাসনকে ভিন্ন ধর্মাবলম্বীদের কথাও চিন্তা করতে হবে। আমরা এ বিষয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করব।’
ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত ও ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম বলেন, হল খোলা রাখার দাবিতে তাঁরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করবেন।
উপাচার্য ফারজানা ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকী বলেন, ‘বিভিন্ন দিক চিন্তা করে সিন্ডিকেট হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি এই কদিনে শিক্ষার্থীদের ভোগান্তি হবে না।’