ঈদের ছুটিতে কক্সবাজার সৈকতে জনসমুদ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে পর্যটকের পদচারণে মুখর ছিল কক্সবাজার সমুদ্রসৈকত। সৈকতের লাবণী পয়েন্টে থেকে কলাতলী পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পরিণত হয় জনসমুদ্রে।
গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা যায়, পর্যটকের পদচারণে মুখর বিশাল সৈকত। এই পয়েন্ট থেকে দক্ষিণ দিকে সুগন্ধা ও কলাতলী পয়েন্ট এবং উত্তর দিকে শৈবাল ও ডায়াবেটিকস হাসপাতাল পয়েন্ট পর্যন্ত সৈকত লোকে লোকারণ্য। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। এ ছাড়া ইয়াছির লাইফ গার্ড, রবি লাইফ গার্ড, সি-সেইভ লাইফ গার্ডের উদ্ধারকর্মী ও ডুবুরিদের তৎপর দেখা গেছে।
কল্লোল হোটেলের মহাব্যবস্থাপক আশরাফ আহমদ জানান, আগামী রোববার পর্যন্ত পর্যটকে মুখর থাকবে কক্সবাজার। তিনি জানান, হোটেল-মোটেলের ৯৫ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। কোনো হোটেলে কোনো কক্ষ খালি নেই।
বন্ধুদের নিয়ে সৈকতে বেড়াতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম বিন তুষার বলেন, ‘আমরা পাঁচ বন্ধু এসেছি। আগে থেকে বুকিং না দেওয়ায় কক্ষ পেতে অনেক ভোগান্তি হয়েছে। শেষ পর্যন্ত বেশি ভাড়া দিয়ে নিম্নমানের একটি হোটেলে উঠেছি। সমুদ্রে নেমে সেই দুর্ভোগ কাটিয়ে ফেলেছি।’
হোটেল কক্স টুডের অপারেশন অফিসার সাখাওয়াত হোসাইন বলেন, ‘সোমবার থেকে পর্যটকেরা কক্সবাজারে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে অনেকে কক্সবাজার ঘুরে চলে গেছেন। আবার অনেকেই আসার জন্য কক্ষ ভাড়া নিয়েছেন। আগামী রোববার পর্যন্ত হোটেলের কোনো কক্ষ খালি নেই।’
এদিকে হোটেলে বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক পর্যটক। চট্টগ্রামের সীতাকুণ্ডের ব্যবসায়ী মমতাজুল ইসলাম বলেন, গত বছর তিনি যে হোটেলে কক্ষ ভাড়া দিয়েছিলেন ১ হাজার ৫০০ টাকা, এবার সেই হোটেলে একই মানের কক্ষের ভাড়া দিতে হয়েছে তিন হাজার টাকা।
নারায়ণগঞ্জের ফতুল্লার ব্যবসায়ী সাঈদুল মোল্লা বলেন, বিপুলসংখ্যক পর্যটকের উপস্থিতির সুযোগে হোটেল, গেস্টহাউস ও রেস্তোরাঁর মালিক এবং রিকশা-টমটমের চালকেরা অতিরিক্ত ভাড়া হাতিয়ে নিচ্ছেন। এতে ভ্রমণ সংক্ষিপ্ত করে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন অনেকে।
কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি ওমর সুলতান বলেন, ‘কতিপয় হোটেলের মালিক কক্ষ সংকটের অজুহাতে লোকজনের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাচ্ছি। এ ব্যাপারে অনুসন্ধান চলছে।’
হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতি সূত্র জানায়, ঈদের টানা ছুটিতে কক্সবাজারে প্রায় ছয় লাখ পর্যটক আসবেন। ইতিমধ্যে এক লাখের বেশি পর্যটক কক্সবাজার ঘুরে চলে গেছেন। বর্তমানে আড়াই লাখ পর্যটক অবস্থান করছেন।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি বলেন, পর্যটকদের রাত-দিন ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হচ্ছে।
ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, বহু পর্যটক নিষেধাজ্ঞা অমান্য করে ভাটার সময়ও সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। এতে অনেকে বিপদে পড়ছেন। তাই জোয়ার-ভাটা হিসাব করে সবার সমুদ্রে নামা উচিত।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, অতিরিক্ত কক্ষ ভাড়া ও খাবারের দাম নিয়ন্ত্রণে একাধিক ভ্রাম্যমাণ আদালত সক্রিয় আছেন। পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।