ঈদের ছুটিতে ঢাকা দক্ষিণ সিটি বিশেষ ব্যবস্থায় সেবা দেবে
ঈদুল ফিতরের ছুটিতে নাগরিক সেবা অব্যাহত রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এ সময় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণ কক্ষ খোলা থাকবে। ঈদের দিন ছাড়া অন্য দিনগুলোতে করপোরেশনের পাঁচটি আঞ্চলিক কার্যালয় সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত খোলা থাকবে। আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাগরিক সেবা অব্যাহত রাখার স্বার্থে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিবহন বিভাগ ও সব আঞ্চলিক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ আঞ্চলিক পর্যায়ের প্রকৌশল, বর্জ্য ব্যবস্থাপনা, সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি অত্যাবশ্যকীয় ঘোষণা করা হয়েছে। তাঁদেরকে কাজে উপস্থিত থেকে নাগরিক সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।