ঈদের ছুটিতে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের টানা ছুটিতে চট্টগ্রাম নগরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে পুলিশ। আবাসিক এলাকার পাশাপাশি নগরের পার্ক, বিনোদনকেন্দ্রগুলোর দিকেও বাড়তি নজর থাকবে পুলিশের। গুলশানে একটি রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর চট্টগ্রাম নগরের বিভিন্ন বিনোদনকেন্দ্র নিজস্ব নিরাপত্তা বাড়িয়েছে। এসব এলাকায় পুলিশের টহলও জোরদার করা হয়েছে। এ ছাড়া মন্দির, গির্জা, প্যাগোডায়ও নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথা বলেছে পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) সূত্রে জানা গেছে, নগরের চার প্রবেশমুখে স্থায়ী চারটি তল্লাশিচৌকি রয়েছে। এগুলো হলো সিটি গেট, কাপ্তাই রাস্তার মাথা, অক্সিজেন ও কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা। ঢাকায় জঙ্গি হামলা হওয়ার পর প্রতিটি থানা এলাকায় একাধিক তল্লাশিচৌকি বসানো হয়েছে। ঈদের ছুটিতেও এসব চৌকি সচল থাকবে। দুদিন ধরেই তল্লাশিচৌকিতে সন্দেহজনক পথচারী, ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা ও মোটরসাইকেল আরোহীদের তল্লাশি করা হচ্ছে।
জানতে চাইলে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, আবাসিক এলাকা এবং বিনোদনকেন্দ্রের নিরাপত্তা জোরদারে পুলিশি টহল বাড়ানো হয়েছে।
ও আর নিজাম রোড আবাসিক এলাকার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক চৌধুরী বলেন, ‘এবার আমাদের আবাসিক এলাকার নিজস্ব নিরাপত্তাকর্মীদের ছুটি বাতিল করেছি। পাঁচলাইশ থানা থেকে নিরাপত্তাসংক্রান্ত একটি নির্দেশনাও আমাদের দেওয়া হয়েছে। জরুরি যোগাযোগের জন্য দুটি মুঠোফোন নম্বর দেওয়া হয়েছে।’