ঈদের ছুটিতে পর্যটক নেই কুয়াকাটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে সমুদ্রসৈকত কুয়াকাটায় পর্যটকদের তেমন আগমন ঘটেনি। হোটেল-মোটেলগুলো আগেভাগে বুকিং দিয়ে রাখলেও ঈদের পরপরই হরতাল থাকায় পর্যটকেরা তাঁদের আগাম বুকিং বাতিল করে দেন।

এ অবস্থায় হোটেল-মোটেলসহ সেখানকার সাধারণ ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সমুদ্রসৈকত কুয়াকাটা। একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে এই সৈকতে ছুটে আসেন দেশি-বিদেশি হাজারো পর্যটক।

পর্যটকদের পদচারণে মুখরিত হয়ে ওঠে কুয়াকাটা সমুদ্রসৈকত। কিন্তু এ বছর ঈদের ছুটিতে কুয়াকাটার ব্যবসায়ীরা পর্যটকদের কাছ থেকে তেমন সাড়া পাননি।

ঈদের দিন গত শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, হোটেল-মোটেলগুলো ফাঁকা পড়ে আছে। লোকজন নেই বিপণিবিতানগুলোতেও। কুয়াকাটা ঝিনুক মার্কেটের সি-ভিউ ফ্যাশনের মালিক আনোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবছর ঈদের মৌসুমে পর্যটকদের ভিড়ে মনে আনন্দ বইত। ব্যবসা-বাণিজ্য ভালো হতো। কিন্তু হরতালের মতো কর্মসূচিতে এবার তাঁদের সেই আনন্দ ম্লান হয়ে গেছে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মতলেব শরীফ বলেন, এখানে ৫০টি ছোট-বড় হোটেল-মোটেল রয়েছে। গত বছর ঈদের ছুটিতে সবগুলো আগাম বুকিং হয়ে গিয়েছিল। এ বছর রমজান শুরু হওয়ার পরপরই হোটেল-মোটেলে অগ্রিম বুকিং নেওয়া শুরু হয় এবং ১৫ রোজার মধ্যে বেশির ভাগ হোটেল-মোটেলে বুকিং শেষ হয়ে যায়। কিন্তু ঈদের পর হরতাল ডাকায় তা বাতিল হয়ে যায়।