ঈদের ছুটিতে পর্যটকে ভরপুর থাকবে সৈকত
ঈদের ছুটিতে লাখো পর্যটকে ভরপুর থাকবে কক্সবাজার। বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তায় ও ভ্রমণ নির্বিঘ্ন করতে প্রশাসনও প্রস্তুত।
হোটেল মালিকেরা বলেন, ঈদ-পরবর্তী ছুটি কাটাতে সৈকতে ছুটে আসবেন অন্তত দুই লাখ মানুষ।
হোটেল ওশান প্যারাডাইসের মহাব্যবস্থাপক সুবীর কুমার ব্যানার্জি বলেন, অতিথি বরণে হোটেলের পক্ষ থেকে সব প্রস্তুতি শেষ। আগামী ৩০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত হোটেলের সব কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। তাই আপাতত তাঁরা আর কোনো বুকিং নিচ্ছেন না।
হোটেল সি-গালের ব্যবস্থাপক হারুন অর রশিদ বলেন, গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটকের উপস্থিতি কম ছিল। কিন্তু এবার পর্যটকের আগমন বাড়বে। তাঁদের হোটেলের ৮০% কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে।
হোটেল রিগ্যাল প্যালেসের ব্যবস্থাপক আবদুর রব বলেন, ঈদের এক দিন পর থেকে কক্সবাজারে পর্যটকের ঢল নামবে। তিনি জানান, ইতিমধ্যে তাঁর হোটেলের ৯০% কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে।
বিপুলসংখ্যক পর্যটকের জন্য বালুচরে দীর্ঘ কয়েক মাইলজুড়ে বসানো হচ্ছে রঙিন ছাতা ও চেয়ার।
কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, ‘দুই শতাধিক হোটেল এবং দুই শতাধিক গেস্টহাউস ও কটেজে দৈনিক ৯৭ হাজার পর্যটকের রাত যাপনের ব্যবস্থা রয়েছে। আমরা এখন অতিথি বরণের অপেক্ষায় আছি।’
এদিকে কয়েকজন পর্যটক অভিযোগ করেন, বিপুলসংখ্যক পর্যটকের উপস্থিতি কাজে লাগিয়ে কতিপয় হোটেল মালিক ৫০০ টাকার কক্ষের ভাড়া নিচ্ছেন দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, পর্যটক হয়রানি ও অতিরিক্ত কক্ষ ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবেন। কক্ষ ভাড়া ও খাবারের মুল্য তালিকা টাঙানোর জন্য হোটেল ও রেস্তোরাঁ মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ তৎপর থাকবে। পাশাপাশি সৈকতসহ দর্শনীয় স্থানে পর্যটকের নিরাপত্তায় ও ভ্রমণ নির্বিঘ্ন করতে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ট্যুরিস্ট পুলিশের ৮২ জন সদস্য সক্রিয় থাকবেন।