ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত
ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। আজ সোমবার সকাল ছয়টার দিকে ধলিয়া উকিলবাড়ির দরজা নামক স্থানে ফেনী-সোনাগাজী সড়কে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ফখরুল ইসলাম (৪০) নিহত হন। তিনি ওষুধ কোম্পানি এলকো ফার্মা লিমিটেডের একজন জ্যেষ্ঠ বিক্রয় প্রতিনিধি হিসেবে ফেনীর সোনাগাজীতে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আসীমপাটালী গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর তথ্যমতে, ফখরুল ইসলাম মোটরসাইকেলে করে সোনাগাজী থেকে ফেনীর দিকে যাচ্ছিলেন। আর উল্টো দিকে প্রাইভেট কারটি সোনাগাজীর দিকে যাচ্ছিল। প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফখরুল ইসলাম নিহত হন। খবর পেয়ে সোনাগাজী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
একই কোম্পানিতে কর্মরত ফখরুলের সহকর্মী ফজলুল করিম জানান, নিহত ফখরুল ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য তাঁর কর্মস্থল সোনাগাজী থেকে ফেনী হয়ে ময়মনসিংহ যাচ্ছিলেন। কোম্পানির ফেনী ডিপোতে রেখে যাওয়ার জন্য মোটরসাইকেলটি নিয়ে বের হয়েছিলেন।
তিনি জানান, বাড়িতে ফখরুলের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে।