ঈদের ছুটিতে বিনোদনকেন্দ্রে ভিড়

নওগাঁর বিনোদন ও পর্যটনকেন্দ্রগুলোতে ঈদ আনন্দ উপভোগ করতে পরিবারের বড় সদস্যদের সঙ্গে শিশু-কিশোরদের ঢল নামে। ঈদের দিন বিকেল থেকে রাত পর্যন্ত নওগাঁর আব্দুল জলিল শিশুপার্ক, জেলা পরিষদ পার্ক, ডানা পার্কসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। পরদিন মঙ্গলবার জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ছিল। গতকাল বুধবারও নওগাঁর বিনোদন ও পর্যটনকেন্দ্রগুলোতে ঘুরে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে দেখা গেছে অনেককে।
মঙ্গলবার বিকেলে নওগাঁর আব্দুল জলিল শিশুপার্কে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টারের সামনে দর্শনার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন। সেখানে কথা হয় জেবুননেছা বেলীর সঙ্গে। চার ও আট বছরের মেয়ে ফারিয়া ও অনন্যাকে নিয়ে এসেছেন তিনি। তিনি জানান, মেয়েদের বায়নার কাছে হার মেনেই শিশুপার্কে আসা। তিনি বলেন, ‘ওদের বাবা গেছেন টিকিট কাটতে। যে ভিড়, দেখা যাক ঢোকা যায় কি না।’
বিনোদনকেন্দ্রগুলোর মতোই জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের ছিল উপচে ভিড়। পাহাড়পুর বৌদ্ধবিহার, কুশুম্বা মসজিদ, আলতাদীঘি জাতীয় উদ্যান, জবই বিল, জগদ্দল বিহারসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে নওগাঁ ছাড়াও দূরদূরান্ত থেকে বিনোদনপ্রেমী লোকজন ছুটে এসেছেন।
পর্যটনকেন্দ্রগুলোতে গতকালও বিনোদনপ্রেমী মানুষের ভিড় দেখা গেছে। গতকাল সকালে আলতাদীঘি জাতীয় উদ্যানে গিয়ে হাজারও মানুষকে পরিবার নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। দিনাজপুরের আবু সাঈদ ও বোরহান উদ্দিন এসেছেন আলতাদীঘি জাতীয় উদ্যানে। তাঁরা বলেন, অনেক দিন ধরেই ভাবছিলেন এখানে বেড়াতে আসবেন। কিন্তু এত দিন সময়-সুযোগের অভাবে আসতে পারেননি। এবার ঈদের ছুটিতে দুই বন্ধু মিলে দিনাজপুর থেকে আলতাদীঘি এসেছেন। এখানকার ঘন শালবন ও বিশাল দিঘি দেখে তাঁরা মুগ্ধ।
মান্দার কুশুম্বা মসজিদ দেখতে মঙ্গলবার নাটোরের বড়াইগ্রাম থেকে এসেছিলেন মেডিকেল কলেজের ছাত্রী ফারজানা পারভীন। তিনি বলেন, ‘এত দিন ইন্টারনেট এবং বইয়ে প্রাচীন স্থাপনা কুশুম্বা মসজিদ সম্পর্কে পড়েছি। এবার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এই স্থাপনা দেখতে এসেছি। এখানে এসে স্থাপনাটির নির্মাণশৈলী ও বিভিন্ন কারুকাজ দেখে সত্যিই মুগ্ধ হয়েছি।’
রংপুরের বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় ছিল। রংপুরের ভিন্ন জগত, তাজহাট জমিদারবাড়ি, চিড়িয়াখানা, সুরভি উদ্যান, চিকলি পার্ক, প্রয়াস সেনাপার্কসহ প্রতিটি বিনোদনকেন্দ্রই মানুষের উপস্থিতিতে সরগরম ছিল।
ঈদের দিন ও এর পরদিন বিভিন্ন বিনোদনকেন্দ্র ঘুরে প্রতিটি বিনোদনকেন্দ্রেই শিশু, নারীসহ সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি দেখা গেছে। ঈদের দিন বিকেলে শহর থেকে চার কিলোমিটার দূরে সেনাকল্যাণ পার্ক প্রয়াস-এ দেখা যায়, গাছের ছায়ায় মানুষ বসে আছে। অনেকে ঘাঘট নদের পাড়ে দল বেঁধে ঘুরছেন। ঈদের ছুটিতে ঢাকা থেকে আসা শহরের ধাপ এলাকার বাসিন্দা ইকবাল হোসেন স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘুরতে এসেছেন। তিনি বলেন, ‘একটি অটোরিকশা কয়েক ঘণ্টার জন্য ভাড়া করে কয়েকটি বিনোদনকেন্দ্র ঘুরতে বেরিয়েছি। কেননা, ঢাকায় চলে গেলে এই সুযোগ আর কবে হবে, তা জানি না। তাই মিস করছি না। তবে এটুকু বলতে পারি, বেশ ভালো লাগছে।’
ঈদের পরদিন বেলা ১১টার দিকে শহরের চিকলি পার্কে দেখা যায়, অধিকাংশ শিশুরা মা-বাবার হাত ধরে ঘুরছে। বিভিন্ন রাইডে চড়ছে। রংপুরের বাইরে চাকরি করার কারণে এসব কেন্দ্রে একদিনও যাওয়া হয়নি বলে জানালেন জয়দেবপুর থেকে ঈদ করতে আসা সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘রংপুরে এসে স্ত্রী ও সন্তানদের নিয়ে যেভাবে বিনোদনের জন্য ঘুরছি, তা হয়তো ঢাকা কিংবা অন্য জায়গায় হয়নি। সন্তানদের আনন্দ লাগছে। এটাই বড় পাওয়া।’ একই রকম দৃশ্য দেখা গেল রংপুর চিড়িয়াখানা ও তাজহাট জমিদারবাড়িতেও।