ঈদের ছুটিতে বিনোদনকেন্দ্রে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকার বিনোদনকেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। একই রকম ভিড় ছিল রাজধানীর আশপাশের বিনোদনকেন্দ্রগুলোতেও। যা অব্যাহত ছিল গতকাল বুধবারও।ঈদুল আজহার দিনে বিকেল হতে না-হতেই শিশু-কিশোরদের ভিড় জমে বিনোদনকেন্দ্রে। শিশুরা অভিভাবকদের সঙ্গে, কিশোরেরা কেউ অভিভাবকদের সঙ্গে কেউবা বন্ধুদের সঙ্গে দলবেঁধে এসব স্থানে যায়। ফাঁকা রাস্তায় এক রিকশায় কয়েকজনের ঘুরে বেড়ানোর দৃশ্যও চোখে পড়েছে। বিকেলে পুরান ঢাকার বিভিন্ন রাস্তায় তরুণদের দলবেঁধে উচ্চ শব্দে গান শুনতে দেখা যায়।গত সোমবার থেকে গতকাল পর্যন্ত রাজধানীর বেশির ভাগ রাজপথ ছিল প্রায় ফাঁকা। তবে শাহবাগে শিশুপার্কের সামনের রাস্তা, চন্দ্রিমা উদ্যানের সামনের রাস্তা, জাতীয় সংসদ ভবন এলাকা, ধানমন্ডি লেকসংলগ্ন রাস্তায় ছিল যানবাহনের ভিড়। ঈদের দিন মধ্যরাতেও চন্দ্রিমা উদ্যানের সামনের রাস্তায় ছিল রীতিমতো যানজট!ঈদের দিন সকাল থেকেই চিড়িয়াখানা, জাতীয় উদ্ভিদ উদ্যান, রমনা পার্ক, শিশুপার্কে আসতে থাকে অগণন মানুষ। বেসরকারি পর্যায়ে নির্মিত বিনোদনকেন্দ্র নন্দনপার্ক, ফ্যান্টাসি কিংডম, স্পোর্টস জোন, শিশুমেলা, ওয়ান্ডারল্যান্ডেও ভিড় ছিল প্রচুর।গতকাল বিকেলে ভিড় ঠেলে শিশুপার্কে ঢোকার টিকিট কাটতে পেরে মুখে হাসি ফোটে শুল্ক কর্মকর্তা জাকির হোসেনের। তবে ভেতরে ঢোকার দীর্ঘ সারি দেখে তা কিছুক্ষণ পরই মিলিয়ে যায়। সন্তানদের নিয়ে ওই সারিতে দাঁড়িয়ে বললেন, ‘ঈদে ছেলেমেয়েদের নিয়ে বের হতে পেরেছি, এটাই অনেক শান্তির।’ শিশুপার্কে ঢুকে দেখা গেল সব রাইডের সামনেই দীর্ঘ সারি। শিশুদের সঙ্গে আসা অভিভাবকেরাও আনন্দে ভাসছেন।পুরান ঢাকায় বলধা গার্ডেন, আহসান মঞ্জিলসহ বেড়ানোর জায়গাগুলোতেও সপরিবারে গেছেন অনেকে।চকবাজার, সুরিটোলা, আরমানিটোলা, ইংলিশ রোড, ধোলাইখালসহ বেশ কিছু এলাকায় স্থানীয়ভাবে মেলার আয়োজন করা হয়েছে। এসব মেলায় নাগরদোলা, পুতুলনাচ আর সার্কাসের দলের পাশাপাশি দেখা গেছে চটপটি, ফুচকা ও কোমল পানীয়ের দোকান। মঙ্গলবার বিকেলে চকবাজারের মেলায় গিয়ে দেখা যায়, বিপুল লোকসমাগমে জমজমাট পরিবেশ।ধানমন্ডি লেকের আশপাশে ব্যাপক মানুষের সমাগম হয়। তরুণ বয়সীদের সংখ্যা ছিল বেশি। ধানমন্ডি ৮ নম্বর সড়কসংলগ্ন ব্রিজের ধারে, ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে মেলার আমেজ। অনেকে নৌকায় চড়ে লেকে বেড়িয়েছেন।প্রেক্ষাগৃহে ভিড়: অনেকে আবার ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্র দেখতে ভিড় জমান প্রেক্ষাগৃহে। বেশির ভাগ প্রেক্ষাগৃহে দেখা গেছে, ‘প্রেক্ষাগৃহ পূর্ণ’ নোটিশ। রাজমনি হলের একজন কর্মী বললেন, ‘বহুদিন পর আবার ‘হাউসফুল’ লেখাটা ঝোলানো হয়েছে। আজকাল তো লোকে সিনেমা হলে আসেই কম। এবার ঈদে তার ব্যতিক্রম।’নাটক সরণিতে তারুণ্যের স্রোত: মঙ্গলবার ও গতকাল সন্ধ্যায় নাটক সরণিতে (বেইলি রোড) দেখা গেল, তারুণ্যের স্রোত। সেখানকার খাবার দোকানগুলোতে তিলধারণের ঠাঁই নেই। ফুটপাতে বসে আড্ডায় মেতেছিল তরুণ-তরুণীরা।