ঈদের ছুটিতে বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহার ছুটিতে দেশের পর্যটনকেন্দ্রগুলোয় ছিল উপচে পড়া ভিড়। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং, রাতারগুল ও শ্রীপুর এবং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর হ্রদ, হামহাম জলপ্রপাতসহ বিভিন্ন স্থানে পর্যটকদের পদচারণে উৎসবের আমেজ সৃষ্টি হয়।গোয়াইনঘাট (সিলেট): স্থানীয় লোকজন, প্রশাসন ও পর্যটকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং, রাতারগুল ও শ্রীপুরে কয়েক হাজার পর্যটকের আগমন ঘটে ঈদের ছুটির তিন দিনে। এর মধ্যে রাতারগুল ফরেস্ট ছিল পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ।গতকাল সোমবার জাফলংয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুরো এলাকা পর্যটকদের পদচারণে মুখরিত। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মানুষ এসেছে দূর-দূরান্ত থেকে। জাফলং পিকনিক স্পটের প্রবেশদ্বার মামার দোকান থেকে প্রায় দুই কিলোমিটার দূরের মোহামঞ্চদপুর পর্যন্ত পর্যটকদের গাড়ির লম্বা সারি।ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী লুবনা রহিম। জাফলং সম্পর্কে তাঁর অভিব্যক্তি, প্রকৃতি অকৃপণ উদার হাতে উজাড় করে দিয়েছে এই সৌন্দর্য। এটা শুধুই উপভোগের। আর সিলেটের শাহপরান থেকে জাফলংয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসা প্রবীর দেবনাথের অনুভূতিটা সবার চেয়ে আলাদা। তিনি বলেন, ‘৩৩ বছর ধরে বছরে অন্তত একবার আসি। তবুও মনে হয়, জাফলংয়ের সৌন্দর্য ‘‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া”।’প্রচুরসংখ্যক পর্যটকের আগমনে স্থানীয় ব্যবসায়ী, আনন্দভ্রমণে সহায়তাকারী পিয়াইন নদের মাঝি, হোটেল ব্যবসায়ী, ফল ব্যবসায়ী এমনকি পানের দোকানদার থেকে সব ধরনের ব্যবসায়ীকে যেন কথা বলারও ফুরসত নেই।গত রোববার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুল ফরেস্টে গিয়েও পর্যটকের উপচে পড়া ভিড় দেখা যায়। পিয়াইন নদের পারে চতুর্দিকে হাওরবেষ্টিত ৩৩১ একর জলাভূমি নিয়ে রাতারগুল ফরেস্ট বছরের সাত মাস পানির ওপর ভাসমান থাকে। অপূর্ব এ ভাসমান বন দেখতে ঢল নেমেছিল মানুষের।গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান বলেন, ‘ঈদের ছুটিতে আগে শুধু জাফলংয়ে ভিড় হতো। এখন একইভাবে রাতারগুলেও পর্যটকেরা আসছেন। তাই আমরা দুটি পর্যটনকেন্দ্রেই নিরাপত্তা জোরদার করেছি।’গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখার আহমদ চৌধুরী বলেন, ‘পুরো গোয়াইনঘাটই আসলে এখন পর্যটনকেন্দ্রে রূপ নিয়েছে। তাই পর্যটকদের সার্বিক সুবিধা দিতে পুলিশ প্রশাসনসহ আমরা সর্বক্ষণ নিয়োজিত আছি।’কমলগঞ্জ (মৌলভীবাজার): কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর হ্রদ, হামহাম জলপ্রপাতসহ বিভিন্নস্থানে পর্যটকদের আগমনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ঈদের দিন বিকেল থেকেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অস্বাভাবিকভাবে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে।রোববার দুপুরে সরেজমিন জাতীয় উদ্যানে গিয়ে দেখা গেছে, প্রবেশপথের সামনে কমলগঞ্জ-শ্রীমঙ্গল প্রধান সড়কের দুই দিকে যানবাহনের দীর্ঘ সারি। কাউন্টারে টিকিট সংগ্রহেও দীর্ঘ সারি। পর্যটকদের অসংখ্য যানবাহনে ছিল মাইক। তাঁদের চেঁচামেচি আর মাইকের উচ্চ শব্দে উদ্যানের শান্ত পরিবেশ উবে গেছে। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন উদ্যানের প্রবেশপথে দায়িত্বরত সহব্যবস্থাপনা কমিটির সদস্যরা।পর্যটকদের চাপে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি, পুঞ্জির বনবাসী লোকজন ও তাদের পাপ জুম। লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান (মন্ত্রী) ফিলা পত্মী আক্ষেপ করে বলেন, এভাবে পুঞ্জিতে লোকজনের প্রবেশে তাঁদের স্বভাবিক জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সদস্য বদরুল আলম জানান, পর্যটকদের সঠিকভাবে সেবা দানের জন্য তাঁরা তিন-চার দিন ধরে উপস্থিত থেকে কাজ করছেন।লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশাপাশি মাধবপুর চা-বাগান হ্রদ, দুর্গম পাহাড়ি হামহাম জলপ্রপাত, স্থানীয় বিভিন্ন চা-বাগানেও কয়েক দিন ধরে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল।