ঈদের ছুটিতে বিয়ের ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের লম্বা ছুটিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিয়ের ধুম পড়েছিল। ঈদকে কেন্দ্র করে আত্মীয়স্বজনকে একসঙ্গে পাওয়ার সুযোগে উপজেলার বিভিন্ন এলাকায় দুই শতাধিক বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

উপজেলার বিভিন্ন এলাকার বিয়ে নিবন্ধনকারী, ঘটক ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিবছর ঈদে মাত্র তিন থেকে চার দিন ছুটি থাকলেও এবার সরকারি ছুটিই ছিল নয় দিন। ফলে একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে বসবাসকারীদের অনেকেই ছেলেমেয়ের বিয়ের জন্য এ সময় বেছে নেন। ঈদের পরদিন (শুক্রবার) থেকে বিয়ের ধুম পড়ে যায়।

একসঙ্গে অনেক বিয়ের অনুষ্ঠান থাকায় বেশি ঝামেলায় পড়েন ডেকোরেটর মালিকেরা। রায়গঞ্জ বাজারের একটি ডেকোরেটরের মালিক লালচান বলেন, ‘আমরা একসঙ্গে চার থেকে পাঁচটি অনুষ্ঠানের আয়োজন করতে পারলেও এবার একসঙ্গে ১০-১২ জন এসেছেন কাজ করাতে। ফলে অনেককেই না করতে হয়েছে।’

উপজেলার ধানগড়া ইউনিয়নের বিয়ে নিবন্ধনকারী (কাজি) সাইদুল ইসলাম বলেন, আগে ধান কাটা শেষে বিয়ের মৌসুম শুরু হলেও লোকজন এখন ঈদের ছুটিকে ছেলেমেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য বেছে নিচ্ছেন।

ছেলেমেয়ের বিয়ের আয়োজন করা অন্তত পাঁচজন অভিভাবক বলেন, সারা বছরই আত্মীয়স্বজন ব্যস্ত থাকেন। বছরের দুটি ঈদের ছুটিতে আত্মীয়দের একসঙ্গে পাওয়া যায়। তাই বিয়েসহ বিভিন্ন আয়োজন এ সময়টাতেই করেন তাঁরা।

একসঙ্গে একাধিক বিয়ের দাওয়াত রক্ষা করতে গিয়ে বেকায়দায়ও পড়েন কেউ কেউ। ধানগড়া এলাকার সজল সরকার বলেন, একই দিনে, একই সময়ে তাঁর দুটি বিয়ের দাওয়াত পড়েছিল। তাই তাঁর পরিবারের লোকজন দুই দলে ভাগ হয়ে দুই বাড়িতে দাওয়াত রক্ষা করেছেন।