ঈদের ছুটিতে ভ্রমণের আনন্দ
ঈদুল ফিতরের ছুটিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর হ্রদ, হামহাম জলপ্রপাতসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। টিকিট কেটে উদ্যানে প্রবেশ করেও পর্যটকেরা হয়রানির শিকার হন বলে অভিযোগ ওঠে। এদিকে, পর্যটকদের চিত্কার ও মাইকের শব্দে উদ্যানের শান্ত পরিবেশ হয়ে ওঠে ভারী। গত রোববার থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের ভিড় বাড়তে থাকে। সোমবার ঈদের দিন ও ঈদের পরের দিনও দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে এসে জড়ো হয়। সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, উদ্যানের প্রবেশপথের সামনে কমলগঞ্জ-শ্রীমঙ্গল প্রধান সড়কের দুই দিকে যানবাহনের দীর্ঘ সারি। কাউন্টার থেকে প্রবেশমূল্য দিয়ে টিকিট সংগ্রহেও ছিল দীর্ঘ সারি। পর্যটকদের একটি বড় অংশ পরিবারের সদস্যদের নিয়ে যেন এখানে বনভোজন করতে এসেছেন। তবে বহু যানবাহনে ছিল মাইক। মাইকে উচ্চস্বরে গান বাজানোর কারণে জাতীয় উদ্যানের শান্ত-নিবিড় পরিবেশ যেন বড় শহরের কোলাহলপূর্ণ পরিবেশে পরিণত হয়। জাতীয় উদ্যানে আগত নারায়ণগঞ্জের সোহেল, নাদিম ও সিলেটের সিহাব জানান, তাঁরা প্রবেশমূল্য দিয়ে টিকিট সংগ্রহ করে প্রবেশ করার পরও ভেতরে নাম-পরিচয়হীন লোকজন তাঁদের কাছে টিকিট দেখতে চায়। এ সময় তাদের কাছ থেকে টাকা আদায়েরও অভিযোগ পাওয়া গেছে। নাম-পরিচয় না দিয়ে ঢাকা থেকে আসা কয়েকজন পর্যটক জানান, যেভাবে জাতীয় উদ্যান থেকে মূল্যবান গাছ কেটে নেওয়ার চিত্র দেখা গেল, তাতে এ উদ্যানের ভবিষ্যত্ নিয়ে তাঁরা শঙ্কিত। লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশাপাশি মাধবপুর চা-বাগান হ্রদেও কয়েক দিন পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। নানা প্রতিকূলতা উপেক্ষা করে নতুন আবিষ্কৃত দুর্গম পাহাড়ি হামহাম জলপ্রপাত দেখতে বেশ কয়েকটি দলকে সীমান্তবর্তী চাম্পারায় চা-বাগানের দিকে যেতে দেখা গেছে। কমলগঞ্জে বিভিন্ন চা-বাগান এলাকায়ও পর্যটকদের বেড়াতে দেখা যায়। লাউয়াছড়া জাতীয় উদ্যানে সেবার মান নিয়ে নানা অভিযোগ সম্পর্কে জাতীয় উদ্যানের সহব্যবস্থাপনা কমিটির প্রভাবশালী সদস্য বদরুল আলম জানান, পর্যটকদের সঠিকভাবে সেবা দেওয়ার জন্য তিন-চার দিন ধরে তাঁরা উপস্থিত থেকে কাজ তদারকি করছেন। পর্যটকের মধ্যে উঠতি বয়সের কিছু উচ্ছৃঙ্খল ছেলে নানা সমস্যার সৃষ্টি করে। তাদের সামাল দিতে অনেক সময় হিমশিম খেতে হয়।জাতীয় উদ্যানের ভেতরে নাম-পরিচয়হীন লোকজনের টিকিট তল্লাশি সম্পর্কে বদরুল আলম বলেন, বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন।জাতীয় উদ্যানের ভেতরের মূল্যবান গাছপালা চুরি সম্পর্কে লাউয়াছড়া বনবিট কর্মকর্তা (বন্য প্রাণী) মাহমুদ হোসেন বলেন, কিছু কিছু স্থানে চুরি হচ্ছে। এটা প্রতিরোধে বনকর্মীরা কাজ করছেন। পর্যটকদের হইহুল্লোড় ও চিত্কারের কারণে বনের শান্ত পরিবেশ নষ্ট হচ্ছে।