ঈদের ছুটিতে মুখর চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলো
ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত ছিল চট্টগ্রাম নগরের বিনোদনকেন্দ্র ও পর্যটন স্পটগুলো। ঈদ আনন্দ উদ্যাপন করতে গত তিন দিনে এসব কেন্দ্র ও স্পটে ঘুরতে এসেছে লাখো মানুষ। রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় চট্টগ্রাম নগরে পর্যটন ও বিনোদনকেন্দ্রগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
পর্যটকদের ভিড়ে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত, নেভাল একাডেমি এলাকা, প্রজাপতি পার্ক, কাজীর দেউড়ি ও আগ্রাবাদের শিশুপার্ক, ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক, চট্টগ্রাম চিড়িয়াখানা, বহদ্দারহাটের স্বাধীনতা পার্ক ও ফিরিঙ্গিবাজারে কর্ণফুলী নদীর তীর এলাকা জমজমাট হয়ে ওঠে। পর্যটকদের বরণ করে নিতে এসব বিনোদনকেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঈদের পরদিন পতেঙ্গা সমুদ্রসৈকতে স্ত্রী-সন্তানদের নিয়ে বেড়াতে এসেছিলেন হাটহাজারীর বাসিন্দা ব্যবসায়ী মামুন অর রশিদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘সারা বছর ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাই পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় না। এবার সুযোগ পেয়েই সবাইকে নিয়ে এখানে চলে এসেছি। এখন খুবই ভালো লাগছে।’
ঢাকার লালবাগ থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত দেখতে আসা চাকরিজীবী মো. ইব্রাহিম প্রথম আলোকে বলেন, ‘এই সৈকতের কথা অনেক শুনেছি। তাই এবারের ঈদের ছুটিতে এখানে চলে এলাম।’
পর্যটকদের বিপুল আগমনে সৈকত এলাকার ব্যবসাও চাঙা হয়ে ওঠে। ঘূর্ণিঝড় রোয়ানুতে সর্বস্ব হারানোর ক্ষতি ব্যবসায়ীরা ঈদ মৌসুমে কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন। আল মদিনা স্টোরের মালিক জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘূর্ণিঝড় সবকিছু উড়িয়ে নিয়ে গিয়েছিল। এরপর রমজান শুরু হয়। ফলে ব্যবসা বন্ধই ছিল। তবে ঈদের ছুটিতে গত দুই দিনে প্রচুর মানুষ এসেছে। ব্যবসাও ভালো হয়েছে।’ একই কথা বলেন খাবারের দোকানদার মো. বেলাল উদ্দিন।
পতেঙ্গা সমুদ্রসৈকতের এবারের বিশেষ আকর্ষণ ছিল ‘মৃত্যুকূপে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালানো প্রদর্শনী’। সেখানে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালিয়ে দর্শকদের আনন্দ দেন মো. নওশাদ। তিনি প্রথম আলোকে বলেন, প্রতিটি প্রদর্শনীতে ১৫০ থেকে ২০০ লোক হয়েছে।
পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ঈদের ছুটিতে পতেঙ্গা সমুদ্রসৈকত, নেভাল পয়েন্ট ও প্রজাপতি পার্কে ৫০ হাজারের বেশি দর্শনার্থী এসেছেন। তাঁদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত শনিবার দুপুরে কাজীর দেউড়ির শিশুপার্কে গিয়েও নানা বয়সী মানুষের ভিড় দেখা যায়। পার্কের ব্যবস্থাপক সোহরাব হোসেন বলেন, ঈদের দিন থেকে প্রচুর মানুষের সমাগম হচ্ছে।
নগরের মাদারবাড়ী থেকে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে শিশুপার্কে এসেছিলেন নিরাপত্তারক্ষী মো. জাহাঙ্গীর। তিনি বলেন, ‘প্রতিবার কুমিল্লায় গ্রামের বাড়িতে ঈদ করলেও এবার যেতে পারিনি। ছেলেমেয়েরা শিশুপার্কে যাওয়ার জন্য বায়না ধরেছিল। তাই
নিয়ে এসেছি। এরপর সবাইকে নিয়ে সমুদ্রসৈকত এলাকায় ঘুরতে যাব।’
এদিকে নগরের ফয়’স লেকে কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। সবচেয়ে বেশি ভিড় হয় ওয়াটার পার্কে। সেখানে আয়োজন করা হয় ডিজে শো। এ ছাড়া ছিল ম্যাজিক ও গেম শো। গেম শোতে বিজয়ীদের দেওয়া হয় বিশেষ উপহার।
ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কের উপব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন কারণে এবার দর্শনার্থীদের উপস্থিতি নিয়ে মনে একটু শঙ্কা ছিল। কিন্তু গত দুই দিনে আমাদের ধারণার চেয়ে বেশি মানুষ পার্কে বেড়াতে এসেছে।’