ঈদের ছুটিতে লাউয়াছড়া উদ্যানে ২০টি গাছ চুরি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বনদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে। ঈদের ছুটির মধ্যে এ উদ্যানের ২০টি বড় আকারের সেগুনগাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা।বন ও বনজ সম্পদ রক্ষায় বিশেষ টাস্কফোর্স গঠন করার পরও দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছেন বনকর্মীরা। ঈদের পরদিন গত সপ্তাহের মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের পাশ ঘেঁষে ১০টি সেগুনগাছ গোড়া থেকে কেটে নেওয়া হয়েছে। এ ছাড়া উদ্যানের বিভিন্ন পয়েন্টে আরও ১০টি গাছ কেটে নেওয়া হয়েছে। এ গাছগুলোর মূল্য কমপক্ষে ৩০ লাখ টাকা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকাবাসী ও নাম প্রকাশে অনিচ্ছুক বনকর্মীরা জানান, সড়কের পাশের মূল্যবান সেগুনগাছ কেটে বনদস্যুরা ট্রাকে করে তা পাচার করেছে। এতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়েছে। তার পরও বনকর্মীরা গাছ চুরি বন্ধ করতে পারেননি। ঈদের আগে লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সহসভাপতি সৈয়দ নেছার আহমদের সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী) মাহবুবুর রহমান, লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা ও আইপ্যাকের (সংরক্ষিত বন সহব্যবস্থাপনা) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছ চুরি প্রতিরোধে একটি বিশেষ টাস্কফোর্স গঠন এবং পাহারার ব্যবস্থা করা হয়। তার পরও ঈদের ছুটিতে গাছ চুরি বন্ধ করা যায়নি।এ ব্যাপারে লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা (বন্য প্রাণী) এ কে এম আজহারুল ইসলাম বলেন, বন রক্ষার দায়িত্বে থাকা লোকজনের চেয়ে বনদস্যুদের সংখ্যা তিন-চার গুণ বেশি। তা ছাড়া বনদস্যুরা সশস্ত্র অবস্থায় থাকে। ফলে তাদের প্রতিরোধ করতে গেলে প্রাণনাশেরও আশঙ্কা থাকে। লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি সৈয়দ নেছার আহমদ বলেন, সম্প্রতি জাতীয় উদ্যানে বনদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে। তবে তিনি দাবি করেন, বিশেষ টাস্কফোর্স গঠনের পর খুব বেশি গাছ চুরি হয়নি। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী) মাহবুবুর রহমান লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে মূল্যবান সেগুনগাছ চুরির কথা স্বীকার করে বলেন, আগের তুলনায় বর্তমানে গাছ চুরির হার অনেক কমেছে। ঈদের ছুটির ফাঁকে ২০টি গাছ চুরি হয়েছে, এমন কোনো তথ্য তাঁর কাছে নেই। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।