ঈদের ছুটিতে লাউয়াছড়ায় পর্যটকদের ভিড়
ঈদের ছুটিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাতসহ পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় লেগেছে। তবে এসব স্থানে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকেরা প্রত্যাশিত সেবা না পেয়ে নানা অভিযোগ করছেন।
লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত মঙ্গলবার সকাল থেকেই ছিল পর্যটকদের আনাগোনা। সকাল ১০টার মধ্যে উদ্যানে পর্যটকদের ভিড় বেড়ে যায়। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত দেিশ-বিদেিশ পর্যটকেরা এখানকার জীব-বৈচিত্র্যময় পরিবেশে ঘুরে তাঁদের ঈদের আনন্দ পরিপূর্ণ করার চেষ্টা করছেন। পরিবার-পরিজন নিয়ে যাঁরা এসেছেন, তাঁরা সঙ্গে ইকো-ট্যুরিস্ট গাইড নিয়ে ঘুরে ঘুরে প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করছিলেন। আর দল বেঁধে বনভোজনে আসা ছেলেমেয়েরা আনন্দ-উল্লাসে মেতে উঠেছিলেন।
যুক্তরাজ্য থেকে বেড়াতে আসা অ্যালেক্স ও তাঁর সঙ্গী ক্রিজি জানান, বনের প্রাকৃতিক বৈচিত্র্য অক্ষুণ্ন রাখতে স্থানীয় পর্যটন কর্তৃপক্ষের আরও পরিকল্পিত কার্যক্রম থাকা উচিত বলে তাঁরা মত প্রকাশ করেন।
ঢাকা থেকে বেড়াতে আসা চিকিৎসক নাদিরা বেগম বলেন, ‘ঈদের ছুটিতে সপরিবারে লাউয়াছড়ায় আসতে পেরে ভালো লাগছে। তবে এখানে শৌচাগার-সংকট একটা বড় সমস্যা। বিশেষ করে নারী পর্যটকদের জন্য এ অবস্থা অত্যন্ত বিব্রতকর।’ উদ্যানের সহব্যস্থাপনা কমিটির অফিস সহকারী আফজালুল হক জানান, ঈদের দিন উদ্যানে টিকিট কেটে ৩২০ জন পর্যটক প্রবেশ করেছেন। আর পরদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটার মধ্যে পর্যটক প্রবেশ করেছেন আড়াই হাজার।