ঈদের ছুটিতে সোনারগাঁর পর্যটনকেন্দ্রগুলোতে ভিড়
ঈদের ছুটিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের দিন দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকেরা এ উপজেলার বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনের জন্য এসেছেন। সরেজমিন দেখা গেছে, এবার ঈদে পর্যটকদের আগমন ঘটেছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ও বাংলার তাজমহলে। এ ছাড়া পানাম নগর, সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের মাজার, ট্যুরিস্ট পিকনিক স্পট, খাসনগর দীঘিরপাড়ের কেন্দ্রীয় গণ-বিদ্যালয় ও টাকশাল বাড়িতে। এ ছাড়া পর্যটকদের মেঘনা নদীতে নৌকা ও স্পিডবোটে চড়ে নৌ-ভ্রমণেও ব্যস্ত থাকতে দেখা যায়। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ এ বছর প্রথমবারের মতো ফাউন্ডেশন চত্বরে আয়োজন করে তিন দিনব্যাপী বাউল মেলা। মেলায় দেশের প্রখ্যাত বাউলশিল্পীরা অংশ নেন। ঈদ উপলক্ষে পুরো ফাউন্ডেশন চত্বর সাজানো হয় বর্ণিল সাজে। রংবেরঙের বেলুন, পোস্টার, ফেস্টুন, বাহারি দোকানপাট লক্ষ্য করা গেছে সর্বত্র। ফাউন্ডেশনের ভেতরে খালে ও পুকুরে নৌকায় চড়ে অনেকে আনন্দ-উল্লাস করেছে। আবার ছোট্ট শিশুরা ঘোড়ায় ও নাগরদোলায় চড়েছে। সোনারগাঁয়ে বেড়াতে আসা ঢাকার সেগুনবাগিচার বাসিন্দা সরকারি চাকরিজীবী নাহিদ হাসান বলেন, ‘ঢাকার কাছে হওয়ার কারণে সোনারগাঁয়ের ঐতিহাসিক পুরাকীর্তি ও বাংলার তাজমহল দেখতে এসে ভালো লাগছে। তবে ঈদের ছুটিতে এত বিপুলসংখ্যক পর্যটক আসবে ভাবতে পারিনি। পর্যটকদের গাড়ির কারণে যানজটে পড়ে কষ্ট করতে হয়েছে অনেককে।লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর বাউলগানের আসর থাকার কারণে প্রায় দ্বিগুণ পর্যটক এসেছে।এদিকে সোনারগাঁয়ের পেরাব এলাকার ভারতের তাজমহলের আদলে নির্মিত বাংলার তাজমহলেও পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।বাংলার তাজমহলের আহসানউল্লাহ মনি জানান, এ বছর নতুন সাজে তাজমহল সজ্জিত করায় লোকজন বেশি হয়েছে।