ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটির আগে-পরে মোট ১২ দিনে সারা দেশে ১২১টি সড়ক দুর্ঘটনায় ১৮৬ জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল শুক্রবার সকালে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, ১ থেকে ১২ জুলাই ১২১টি সড়ক দুর্ঘটনা, তিনটি নৌ-দুর্ঘটনা ও তিনটি রেল দুর্ঘটনা সংঘটিত হয়। মোট ২০০ জন এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদন বলছে, সড়ক দুর্ঘটনায় ১৮৬ জন নিহত ও ৭৪৬ জন আহত হয়েছেন। একই সময়ে তিনটি নৌ-দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৮ জন আহত এবং রেলে কাটা পড়ে দুজন ও ট্রেনের ছাদ থেকে পড়ে একজনসহ মোট তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় ১০ জন নিখোঁজের খবর গণমাধ্যমে এসেছে।

যাত্রীকল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের সদস্যরা ১০টি জাতীয় দৈনিক ও চারটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করেন বলে জানানো হয়। যাত্রীকল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা যায়, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা বেশি ঘটে। সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে মোটরসাইকেল। এরপর রয়েছে বাস, তারপর নছিমন-করিমন-ভটভটি।

সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক চৌধুরী প্রতিবেদন উপস্থাপনকালে বলেন, দুর্বল ট্রাফিক আইন, চালকের বেপরোয়া মনোভাব, যানবাহনের ত্রুটি, রাস্তার ত্রুটি ও যাত্রীসাধারণের অসচেতনতা এসব দুর্ঘটনার জন্য দায়ী।

যানবাহনের গতি নিয়ন্ত্রণে উদ্যোগ গ্রহণ, ফিটনেস পদ্ধতি ডিজিটাল করা, নছিমন-করিমন বন্ধে উদ্যোগ নেওয়া, ধীরগতি ও দ্রুত গতির যানবাহনের জন্য আলাদা লেন করাসহ ১০টি সুপারিশ উপস্থাপন করে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।