জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের সব কটি আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিপাকে পড়েছেন খণ্ডকালীন চাকরিজীবী এবং ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
গত সোমবার ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-১) রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে আগামী ৭ আগস্ট পর্যন্ত ২৪ দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। এর মধ্যে ২২ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল বন্ধ থাকবে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক মাস গ্রীষ্মকালীন ছুটির পর বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে গত ১৫ জুন। এর ঠিক এক মাস পর গতকাল থেকে আবার শুরু হয়েছে ঈদের ছুটি। এত অল্প সময়ের ব্যবধানে ঈদের ছুটি শুরু হওয়ায় ভিন্ন ধর্মাবলম্বী ও দূরের অনেক শিক্ষার্থীই বাড়িতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্তে বিপাকে পড়েছেন তাঁরা।
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী সৌগত বসু বলেন, ‘কিছুদিন আগে এক মাস ছুটি কাটিয়ে ক্যাম্পাসে এসেছি। তাই টাকা খরচ করে ঈদের ছুটিতে আর বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু হল বন্ধ থাকায় বাধ্য হয়ে যেতে হবে।’
আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মো. শাহেদুর রশিদ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণ এবং মেরামতের জন্য এবার ছুটিতে হলগুলো বন্ধ রাখা হবে। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আবুল হোসেন বলেন, কোনো ঈদে আবাসিক হলগুলোর সঙ্গে যুক্ত শিক্ষকেরা ছুটি পান না। তা ছাড়া রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য কিছুদিন হল বন্ধ রাখা প্রয়োজন। তাই শিক্ষার্থীদের কিছুটা সমস্যা হলেও আবাসিক হলগুলো বন্ধ রাখতে হচ্ছে।