ঈদের ছুটিতেও কুয়াকাটায় ভিড় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটি থাকার পরও দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড় লক্ষ করা যায়নি। এখানে আসার কলাপাড়া-কুয়াকাটা সড়কের অবস্থা ভালো না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।ঈদ উপলক্ষে কুয়াকাটার হোটেলের মালিক ও দোকান মালিকেরা ব্যাপক প্রস্তুতি নিতে থাকেন। যোগাযোগব্যবস্থা অনুন্নত থাকলেও আবহাওয়া অনুকূলে থাকায় পর্যটকেরা ছুটে আসবেন বলে তাঁরা আশা করেছিলেন। কিন্তু তাঁদের সে আশা পূরণ হয়নি। এখানে ঈদের ছুটিতে উল্লেখযোগ্য-সংখ্যক পর্যটক আসেনি। পর্যটকদের জন্য সৈকতে সারিবদ্ধভাবে সাজানো বেঞ্চগুলো গতকাল শনিবার ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে। সৈকতে ঘণ্টা হিসেবে বেঞ্চ ভাড়া দেন মো. সেলিম। তিনি বলেন, প্রতি বেঞ্চ ব্যবহার করলে ঘণ্টায় তাঁরা ২০ টাকা করে নিতেন। অন্যবার এই মৌসুমে সাগরতীরের এই বেঞ্চগুলো খালি পড়ে থাকত না। সাগরতীরের মার্কেটের হাসান এন্টারপ্রাইজের মালিক মো. ইসমাইল জানান, পর্যটক না থাকায় বেচাবিক্রি নেই। ব্যবসায় মন্দা চলছে। কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও হোটেল কুয়াকাটা ইন ইন্টারন্যাশনালের মালিক মো. ওয়াহিদুজ্জামান জানান, ১২ বছর ধরে কুয়াকাটায় হোটেল ব্যবসা করলেও ঈদের ছুটিতেও এ বছরের মতো এত কম পর্যটক কোনো সময়েই ছিল না। হাতেগোনা কয়েকজন ছাড়া পর্যটক নেই বললেই চলে। তাই তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে পর্যটকদের ভিড়ে আবারও মুখরিত হয়ে উঠবে কুয়াকাটা।