ঈদের ছুটিতেও পর্যটক কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগব্যবস্থার দৈন্যদশার কারণে এবার ঈদের ছুটিতেও পর্যটক টানতে পারছে না সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সমুদ্রসৈকত কুয়াকাটা।জানা গেছে, একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার এই বিরল সৈকতে প্রতিবছর ছুটির সময়ে অসংখ্য দেশি-বিদেশি পর্যটক ছুটে আসে। বিশেষ করে, ঈদ কিংবা অন্য ছুটিতে পর্যটকেরা হোটেল-মোটেলগুলোতে আগাম বুকিং দিয়ে এখানে চলে আসে। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিশাল সমুদ্রসৈকত। কিন্তু এবার ঈদের ছুটি সামনে রেখে কুয়াকাটার ব্যবসায়ীরা পর্যটকদের কাছ থেকে তেমন সাড়া পাচ্ছেন না।গত রোববার সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদ উপলক্ষে কুয়াকাটার হোটেল-মোটেলগুলো পর্যটকদের জন্য আগাম প্রস্তুত হয়ে আছে। তবে এখনো বেশির ভাগ হোটেল-মোটেল বুকিং পায়নি। প্রতিবছর রমজান শুরুর সঙ্গে সঙ্গে হোটেল-মোটেলের সিটের অগ্রিম বুকিং শুরু হয়ে ১৫ রোজার মধ্যে শেষ হয়ে যেত। কিন্তু এবার এখন পর্যন্ত পর্যটকদের তেমন সাড়া পাচ্ছেন না ব্যবসায়ীরা। এদিকে স্থানীয় খাবার হোটেলসহ ব্যবসায়ীরা পর্যটকদের জন্য ব্যাপক আয়োজন নিয়ে তৈরি হলেও পর্যটকদের তেমন সাড়া না আসায় তাঁরাও উদ্বিগ্ন।সাগরপাড়ের মার্কেটের হাসান এন্টারপ্রাইজের মালিক মো. ইসমাইল জানান, কুয়াকাটায় আসার সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় পর্যটকেরা এখানে আসছে না। প্রতিবছর ঈদের মৌসুমে বিপুলসংখ্যক পর্যটক আসত। এবার ভিড় নেই।ঝিনুক মার্কেটের সি-ভিউ ফ্যাশনের মালিক আনোয়ার হোসেন বলেন, প্রতিবছর ঈদের মৌসুমে পর্যটকদের ভিড়ে মনে আনন্দ বইত। ব্যবসা-বাণিজ্য ভালো হতো। কিন্তু এবার সেই আনন্দ নেই।কুয়াকাটায় বেড়াতে আসা ঢাকার মিরপুর এলাকার উন্নয়ন সংস্থার কর্মকর্তা মো. সেলিম আকন বলেন, ‘এখানে বেড়াতে আসতে এত কষ্ট, আগে জানলে আসতাম না। ২২ কিলোমিটার পথ পাড়ি দিতে তিন ঘণ্টার বেশি সময় লেগেছে। এর মধ্যে তিনটি ফেরি পার হতে হয়। জোয়ারে ফেরির গ্যাংওয়ে ডুবে গেলে ভাটার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। সড়কের উন্নয়ন ও ফেরি তিনটিতে সেতু নির্মিত না হলে আর কুয়াকাটায় বেড়ানোর কথা ভাবব না।’হোটেল গোল্ডেন প্যালেসের মালিক সৈয়দ হাসান আলী বলেন, ‘গত বছর যে হারে পর্যটকদের সাড়া পেয়েছি, এবার ঈদ ঘনিয়ে এলেও তেমন সাড়া পাচ্ছি না। এ পর্যন্ত ১৮টি ছিটের মধ্যে পাঁচটির বুকিং হয়েছে।’কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘এখানে ৪৫টি ছোট-বড় আবাসিক হোটেল-মোটেল রয়েছে। গত বছর ঈদের ছুটিতে সব আগাম বুকিং হয়ে গিয়েছিল। কিন্তু এ বছর এখন পর্যন্ত এক-তৃতীয়াংশ সিটের আগাম বুকিং হয়নি। টানা কয়েক দিনের বৃষ্টিতে কলাপাড়া-কুয়াকাটা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে সড়ক উন্নয়নের কাজ চলছে। তাই ঈদের ছুটি কাটাতে কিছু পর্যটক এখানে আসবে বলে আশা করছি।’