ঈদের ছুটির আগেই যানজট, যাত্রীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সংস্কারকাজ চলছে l ছবি: প্রথম আলো
গাজীপুরের কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সংস্কারকাজ চলছে l ছবি: প্রথম আলো

ঈদের এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। তারপরও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রতিদিনই লেগে আছে অসহনীয় যানজট। এতে মানুষের ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হচ্ছে। ঈদের ছুটি শুরু হলে এই যানজট আরও ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করেছেন যানবাহনের চালক, যাত্রী ও স্থানীয় লোকজন।
গাজীপুরের কোনাবাড়ী এলাকার বাসিন্দা ও কলেজশিক্ষক মো. সারাফাত হোসেন বলেন, রোজার শুরু থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে গাজীপুরের ভোগরা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে এখন থেকেই যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে ঈদের ছুটি শুরু হলে যানজট আরও বাড়বে।
এলাকাবাসী ও মহাসড়ক পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তরাঞ্চলের ১৬টি জেলার যানবাহন চলাচল করে। পাশাপাশি এই সড়ক দিয়ে গাজীপুরের শিল্প এলাকার শত শত যানবাহন ও হাজারো মানুষ যাতায়াত করে। কালিয়াকৈর উপজেলার চন্দ্রা উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার যাতায়াতের একমাত্র পথ। পণ্যবাহী যানবাহন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ায় কাঁচামাল নষ্ট হয়ে বিপুল অঙ্কের টাকা লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। তা ছাড়া পণ্য পরিবহনে দেরি হওয়ায় কারখানার মালিকেরা ব্যাপক ক্ষতিরও সম্মুখীন হচ্ছেন। যানজটে প্রায়ই মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্স আটকে থাকছে। এর মধ্যে দু-তিন মাস ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। এ কারণে বিভিন্ন স্থানে সড়কের দুপাশের মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। এতে করে যানজট বাড়ছে।
টাঙ্গাইলের মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, মহাসড়কে চার লেনের কাজ করার কারণে যানজট হচ্ছে। চন্দ্রা এলাকার কিছু অংশে মহাসড়ক ঈদের জন্য সাময়িক প্রশস্ত করা হচ্ছে। এটি শেষ হলে ঈদে যানজট কমে যাবে।
গত বৃহস্পতি ও শুক্রবার গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকা থেকে কালিয়াকৈরের সূত্রাপুর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকা ঘুরে দেখা গেছে কোথাও চলছে খোঁড়াখুঁড়ির কাজ, কোথাও মেরামতকাজ চলছে। পাশাপাশি চলছে মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ। এসব কারণে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। ফলে যানজট তৈরি হচ্ছে।
শ্যামলী পরিবহনের চালক শহিদুর রহমান বলেন, চন্দ্রা এলাকায় মোড়টি প্রশস্ত করা হচ্ছে। এ কাজ শেষ হলে এখানে যানজট কম হবে। তবে চন্দ্রার পর টাঙ্গাইল পর্যন্ত রাস্তার কাজ করা হচ্ছে। এ কারণে এবার যানজট প্রকট হতে পারে।
কালিয়াকৈর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আকবর আলী বলেন, মহাসড়কের বেহাল অবস্থার কারণে এবারও ঈদের ছুটিতে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে।
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ বলেন, মহাসড়কের চন্দ্রা মোড়ের পশ্চিম পাশে চার লেন প্রকল্পের কাজ করার সময় তাঁরা যানবাহন থামিয়ে দেওয়ার ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। মাটি এক স্থান থেকে অন্যত্র নিতে বেশ সময় লাগে। ফলে যানজটের সৃষ্টি হয়। অনেক সময় হঠাৎ বৃষ্টি হলেও সড়কে যানজট লেগে যায়।
চার লেন প্রকল্পের চন্দ্রা থেকে কালিয়াকৈর পর্যন্ত সড়কের কাজের তদারককারী প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, কাজ করতে গিয়ে সাময়িক অসুবিধা হচ্ছে। তবে ঈদের ছুটির আগে অনেক অংশের কাজ শেষ করা হবে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া বলেন, ঈদের আগে থেকে যানজট নিরসনে মহাসড়ক ও থানার পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে।