ঈদের ছুটির প্রস্তুতি ভেসে গেল রক্ত ও কান্নায়

আজ সকালেই ঈদ করতে ময়মনসিংহের মুক্তাগাছায় গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল রনি আহমেদের। সপরিবার বাড়ি যাচ্ছেন ঠিকই; তবে ঈদ করতে নয়, ছেলেকে কবর দিতে। গতকাল শনিবার টঙ্গীর কারখানা বিস্ফোরণে রনি আহমেদের পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে আশিক আহমেদ মারা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে গতকাল ভিড় জমিয়েছিলেন টঙ্গীর কারখানায় বিস্ফোরণে নিহত ব্যক্তিদের স্বজনেরা। শুক্রবারও তাঁদের আলোচনার অনেকটা অংশ জুড়ে ছিল ঈদ। ছিল বাড়ি যাওয়ার প্রস্তুতি আর কেনাকাটা। এক দিন পরই তাঁদের মর্গের সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখা গেল। অনেকেরই জামায় তখনো স্বজনের রক্ত। আলোচনার বিষয় ময়নাতদন্ত, লাশ নেওয়ার গাড়ি ঠিক করা আর কবর দেওয়ার জায়গা নির্ধারণ।
আশিক আহমেদ (১২) বিসিক শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণিতে পড়ত। কারখানার দেয়াল ঘেঁষে বস্তিতে তাদের বসবাস। ভোরবেলা প্রচণ্ড বিস্ফোরণে ওদের বাড়ির ওপর ধসে পড়ে টাম্পাকো ফয়লস লিমিটেড কারখানার দেয়াল। বাড়ির অন্য অংশে তখনো ঘুমাচ্ছিল আশিকের এক ভাই আর দুই বোন।
রনি আহমেদ প্রথম আলোকেবলেন, ‘আশিকের একটা হাত ছাড়া আর কোথাও ধরার জায়গা ছিল না। আমরা সিএনজি দিয়া কোনোরকমে ধইরা ঢাকা মেডিকেল আনছি।’ বেলা দুইটায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ার হোসেন টাম্পাকো কারখানায় গাড়িচালকের কাজ করতেন। গতকাল ভোর সাড়ে চারটায় উত্তর বাড্ডার বাসা থেকে বেরিয়েছিলেন। আনোয়ারের স্বজন মো. মান্নান প্রথম আলোকে বলেন, ‘আমি মাত্র ঘুম থেকে উঠছি, তখনই ফোন আসছে। আনোয়ারের বউ আকলিমা ফোন দিয়া কইল, ভাই, মীমের আব্বার ফ্যাক্টরিতে আগুন লাগছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ওয়াহিদুজ্জামান। ওই কারখানার মেশিন অপারেটর ছিলেন। ছয় বছরের পুরোনো কর্মী। ওয়াহিদুজ্জামানের স্ত্রী আমিরুন্নেসা টেলিভিশন দেখে জানতে পারেন, স্বামীর কারখানায় আগুন লেগেছে। তিনিও প্রথম টঙ্গী গিয়েছিলেন। পরে ঢাকায় এসে স্বামীর লাশ শনাক্ত করেন।
রেহাই পাননি পাশের সড়কের যাত্রীরাও
পোশাকশ্রমিক দুই বোন রোজিনা ও তাহমিনা ঈদের ছুটিতে সিলেটে বাড়ির পথে রওনা দিয়েছিলেন। বিসিক শিল্পনগরীর ভেতরের সড়ক দিয়ে টঙ্গী স্টেশনের দিকে রিকশা দিয়ে যাচ্ছিলেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা বলেন, টাম্পাকো কারখানার বিস্ফোরণে স্থাপনার অংশবিশেষ উড়ে এসে পড়ে তাঁদের ওপর। দুই বোনসহ প্রাণ হারান রিকশাচালক রাশেদ।
রিকশার ওই দুর্ঘটনার বিবরণ পাওয়া যায় টঙ্গী-গাজীপুর হাসপাতালে চিকিৎসা নেওয়া আরেক আহত শহীদুল ইসলামের কাছ থেকে। তিনি বলেন, সকাল ছয়টার দিকে টেম্পোতে করে তিনি টঙ্গী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পান তিনি। কারখানার স্থাপনার একটি বড় টুকরা তাঁর টেম্পোর কাছে একটি রিকশায় ওপর এসে পড়ে। এ সময় টেম্পোটি উল্টে গেলে তিনিও আহত হন।
কী হবে রিপনের, মুক্তার?

টাম্পাকোর কারখানায় বয়লার বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন রিপন দাস। শরীরের ৯৮ ভাগ পুড়ে গেছে। বাগেরহাটের মোরেলগঞ্জে বাড়ি রিপনদের। সাত মাস আগে বিয়ে করেছিলেন। আজ রোববার বাড়ি যাওয়ার কথা ছিল। পথ চেয়ে বসে ছিলেন স্ত্রী মুক্তা দাস। তাঁকেই যে ঢাকায় ছুটে আসতে হবে, কল্পনাও করেননি। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এসে পৌঁছান মুক্তা দাস। স্বামীকে দেখার জন্য আইসিইউর সামনে স্বজনদের জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছিলেন তিনি, ‘আমি শুধু তারে একবার দেখব, একবার! আমারে কেউ একটু বেতরে যাইতে দাও।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন হোসাইন ইমাম বলেন, রিপন ছাড়াও বার্ন ইউনিটে আরও তিনজন ভর্তি আছেন। তাঁরা হলেন দিলীপ দাস, রাশেদ ও শাহ আলম। তাঁদের সবাই আশঙ্কামুক্ত।
নিখোঁজ অনেকে
ওইকারখানায় কাজ করতেন এমন অনেক শ্রমিকের সন্ধান গতকাল বিকেল পর্যন্ত পাওয়া যায়নি। আশপাশেল হাসপাতাল ঘুরে তাঁদের স্বজনেরা ভিড় করছেন টাম্পাকো কারখানার আশপাশে। ছবি হাতে প্রিয়জনের সন্ধান করতে দেখা গেছে তাঁদের।
এমন একজন নার্গিস আক্তার। ছেলেকে নিয়ে কারখানায় এসেছেন স্বামী রফিকুল ইসলামের খোঁজে। আহাজারি করতে করতে তিনি বলেন, রফিকুল তিন মাস থেকে এই কারখানায় কাজ করেন। শুক্রবার রাত ১০টা থেকে শনিবার ভোর ছয়টা পর্যন্ত তাঁর স্বামীর ডিউটি ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, টঙ্গী জেনারেল হাসপাতালসহ আশপাশের সব হাসপাতালে খুঁজেও স্বামীর সন্ধান পাননি বলে জানান।
ছোট ভাইয়ের ছবি হাতে কারখানার মূল ফটকের সামনে দাঁড়িয়ে ছিলেন রিয়াদ হোসেন। তিনি বলেন, তাঁর ভাই মুরাদ হোসেন (১৯) প্রায় চার বছর থেকে এই কারখানায় কাজ করতেন। শুক্রবার রাত ১০টায় টঙ্গীর মধুমিতার বাসা থেকে বের হয়েছিলেন। গতকাল বিকেল পর্যন্ত তিনি তাঁর ভাইয়ের সন্ধান পাননি। তিনি যখন কথা বলছিলেন, তখনো কারখানার নিচতলায় আগুন জ্বলছিল। আগুন দেখিয়ে তিনি বলেন, ‘আমার ভাই নিচতলাতেই কাজ করত। জানি না ওর কী হয়েছে।’
কারখানায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন রাজেশ বাবু। গতকাল বেলা তিনটা পর্যন্ত তাঁরও কোনো সন্ধান পাওয়া যায়নি। রাজেশের ছবি নিয়ে দাঁড়িয়ে ছিলেন সজীব বাবু।