ঈদের জামা কেনা হলো না ফাহিমের

গাজীপুর থেকে মায়ের সঙ্গে ঈদের জামা কিনতে ঢাকায় এসে লাশ হতে হলো স্কুলছাত্র ফাহিম আহমেদকে (১২)। গতকাল বুধবার দুপুরে রাজধানীর মিরপুর সড়কে মায়ের হাত ধরে থাকা ফাহিমকে একটি বাস ধাক্কা দিলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় উত্তেজিত জনতা দুটি বাস ভাঙচুর ও একটি বাসে আগুন দেয়।
প্রত্যক্ষদর্শী ও ধানমন্ডি থানার পুলিশ জানায়, বেলা দেড়টার দিকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মিরপুর সড়কে ট্রান্স সিলভা পরিবহনের একটি বাস থেকে ঝর্ণা বেগম তাঁর ছেলে ফাহিমকে নিয়ে নামেন। তখন নিউমার্কেটগামী ভিআইপি পরিবহনের একটি বাস ফাহিমকে ধাক্কা দিলে মায়ের হাত থেকে ছিটকে রাস্তায় পড়ে আহত হয়। এ সময় ফাহিমের মা ঝর্ণা অক্ষত ছিলেন। পথচারীরা শিশুটিকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে ধাক্কা দেওয়ার পর উত্তেজিত লোকজন ট্রান্স সিলভা ও ভিআইপি নামের দুটি বাস আটক করে ভাঙচুর চালায় এবং পরে ভিআইপি পরিবহনে আগুন দেয়। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেলা আড়াইটা পর্যন্ত এ অবস্থা চলে। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে বাসের চালককে শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নিহত ফাহিমের ভাই পাভেল আহমেদ জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার ডুমনির বাসুদেবপুর এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকত ফাহিম। সে সেখানের একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র। পাভেল রাজধানীর ইস্টার্ন প্লাজায় একটি কাপড়ের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। দুই দিন আগে তিনি ঈদের বোনাস ও বেতন বাবদ আট হাজার টাকা পান। ঈদের কেনাকাটা করার জন্য মাকে বলেন ভাই ফাহিমকে নিয়ে ঢাকায় আসতে। গতকাল সকালে গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। নিউমার্কেটে বাস থেকে নামার কথা ছিল মা-ছেলের। কিন্তু তাদের বহনকারী বাসটিতে কোনো ত্রুটি দেখা দেওয়ায় তাঁরা আগেই নেমে যান। ফাহিমের বাবা জাহাঙ্গীর আলম পলাশ গ্রামে মুদিদোকান চালান।
ধানমন্ডি থানার ওসি নূরে আযম মিয়া বলেন, ভিআইপি পরিবহনের বাসের চালক দেলোয়ার হোসেনকে আটক করা হয়েছে। দুটি বাস আটক করে থানায় নেওয়া হয়েছে।