ঈদের জামাত কখন কোথায়
আগামীকাল শনিবার পবিত্র ঈদুল আজহা। এই দিন সিলেট, ময়মনসিংহ, শেরপুর, কুমিল্লা ও হবিগঞ্জে কখন ও কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করা হয়েছে।
সিলেটে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় নগরের শাহি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা কামাল উদ্দীন। ঈদ জামাতে বয়ান করবেন খতিব মাওলানা মোস্তাক খান। এ ছাড়া সকাল আটটায় নগরের দরগাহ হজরত শাহজালাল (রহ.) জামে মসজিদ, শাহপরান (রহ.) মাজার দরগাহ, বন্দরবাজার কালেক্টর জামে মসজিদ, নবাবি জামে মসজিদ ওয়াকফ এস্টেট, কদমতলী কেন্দ্রীয় মসজিদ ময়দান, পশ্চিম পীরমহল্লার গৌছুল উলুম জামেয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠ, কুয়ারপার জামে মসজিদ এবং দক্ষিণ সুরমা উপজেলার সিলাম শাহি ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টায় নগরের জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসায় এবং সকাল পৌনে ৮টায় আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ ও শেখঘাট সরকারি কলোনি মাঠে ছানাউল্লাহ মসজিদের উদ্যোগে জামাত অনুষ্ঠিত হবে। সিলেট নগরের কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সকাল সাড়ে ৮টায় এ দুটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে আখালিয়াঘাট জামে মসজিদ ও আখালি টিলা মসজিদ ঈদগাহে।
ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় হবে। আকুয়া মার্কাজ মসজিদ ঈদগায় জামাত শুরু হবে সকাল ৭টায়। পুলিশ লাইনস মাঠে সকাল সাড়ে ৮টায়, চারপাড়া জামিয়া ইসলামিয়া মাঠে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা মো. ইব্রাহীম। কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র জমির উদ্দিন খান বলেন, সম্প্রতি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে কেন্দ্রীয় ঈদগাহ উপদেষ্টা কমিটির এক সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
শেরপুরের পৌর ঈদগাহ মাঠে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে কালেক্টরেট জামে মসজিদে। এ ছাড়া সকাল সাড়ে ৮টায় পুলিশ লাইনস, সকাল ৯টায় তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠ, সকাল সাড়ে ৯টায় মাইসাহেবা জামে মসজিদ, ইদ্রিসিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, কাজীবাড়ী, চাপাতলী ও ভাটারা ঈদগাহ মাঠে নামাজ অনুষ্ঠিত হবে।
হবিগঞ্জে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। একই জায়গায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এ ছাড়া শহরের চৌধুরী বাজার জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ও সওদাগর জামে মসজিদে অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা; ময়মনসিংহ অফিস, শেরপুর ও হবিগঞ্জ প্রতিনিধি)