ঈদের জামাতে প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের সবচেয়ে বড় জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান। ছবি: প্রথম আলো
ঈদের সবচেয়ে বড় জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান। ছবি: প্রথম আলো

পবিত্র ঈদুল ফিতরের সবচেয়ে বড় জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া। সেখানে এবার ১৮৭তম জামাত হবে।
‘মুসল্লি যত বেশি, সওয়াবও তত বেশি’—এ বিশ্বাসে প্রতিবছর সারা দেশ থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলমানের ঢল নামে শোলাকিয়ার ঈদের নামাজ আদায়ে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি র্যাব ও আনসার সদস্যরা চার স্তরের একটি নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন। মাঠে বসানো হয়েছে সিসি ক্যামেরা ও ১২টি অস্থায়ী টাওয়ার। এসব টাওয়ারের মাধ্যমে মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হবে। ধাতব বস্তু শনাক্তকরণ যন্ত্র (মেটাল ডিটেক্টর) দিয়ে তল্লাশি করে মুসল্লিদের মাঠে ঢোকার সুযোগ দেওয়া হবে।
পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, ঈদের জামাত শুরু হবে সকাল ১০টায়। নামাজ পড়াবেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ফরিদ উদ্দিন মাসউদ। ৬ দশমিক ৬১ একর আয়তনের মাঠে কাতার করা হয়েছে ২৬৫টি। প্রতি কাতারে গড়ে ৬৫০ থেকে ৭০০ জন মুসল্লি নামাজ আদায় করার সুযোগ পাবেন। মাঠের বাইরের চারপাশেও অনেক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
শোলাকিয়ায় গিয়ে দেখা যায়, শেষ বেলার প্রস্তুতি হিসেবে চলছে সীমানাপ্রাচীরে রং করা ও মাইক টানানোর কাজ। এ উপলক্ষে মাঠের বাইরে যে গ্রামীণ মেলা বসে, অনেকে তার প্রস্তুতি নিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে অবস্থান নিতে শুরু করেছেন। আসতে শুরু করেছেন দূরের মুসল্লিরাও। তাঁদের বেশির ভাগকে খোলা আকাশের নিচে ঘুমাতে হচ্ছে। 

মুসল্লিদের অভিযোগ

মুসল্লিরা অভিযোগ করেছেন, মাঠটি ঐতিহাসিক হলেও সুযোগ-সুবিধা নেই বললেই চলে। সবচেয়ে অসুবিধা প্রাকৃতিক কাজ সারার। আয়োজকেরা বিষয়টি কখনো খুব বেশি আমলে নেননি। থাকা-খাওয়ার সুযোগ কেবল কাগজে-কলমেই।

এ ব্যাপারে শোলাকিয়া ঈদগাহ কমিটির সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত পাল বলেন, দেশের বড় জামাত আয়োজনের সব প্রস্তুতি শেষ করে আনা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তা ও নানা সুযোগ-সুবিধাও বাড়ানো হয়েছে।

শোলাকিয়ায় চলছে রঙ লাগানোর কাজ। ছবিটি গত শনিবার তোলা। ছবি: প্রথম আলো
শোলাকিয়ায় চলছে রঙ লাগানোর কাজ। ছবিটি গত শনিবার তোলা। ছবি: প্রথম আলো

যেভাবে শোলাকিয়ায় যাওয়া যাবে
মুসল্লিদের সুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে দুটি বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে। একটি চলবে ভৈরব থেকে। আরেকটি  ময়মনসিংহ থেকে। ভৈরব-কিশোরগঞ্জ (স্পেশাল) নামে ট্রেনটি ভৈরব স্টেশন থেকে ছেড়ে যাবে সকাল ছয়টায়। কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল আটটায়। আবার ওই ট্রেনটি কিশোরগঞ্জ থেকে দুপুর ১২টায় ভৈরবে ফিরে আসবে।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ (স্পেশাল) নামের ট্রেনটি ময়মনসিংহ থেকে ছেড়ে আসবে ভোর পৌনে ছয়টায়। কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল সাড়ে আটটায়। কিশোরগঞ্জ স্টেশন থেকে ফিরে যাবে দুপুর ১২টায়।
এ ছাড়া ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে গেটলক ঈশা খাঁ, যাতায়াত, অনন্যা সুপার পরিবহনে করেও কিশোরগঞ্জ যাওয়া যাবে। সময় লাগবে তিন ঘণ্টা। মহাখালী থেকে অনন্যা, অনন্যা ডিজিটাল ও এগারসিন্দুর সুপারে করে কিশোরগঞ্জ পৌনে তিন ঘণ্টার যাত্রাপথ। কমলাপুর, গোলাপবাগ থেকেও কিশোরগঞ্জগামী বাস ছেড়ে যায়।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার আ. সালাম বলেন, ট্রেন দুটি সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

পেছনের ইতিহাস

শোলাকিয়ায় ঈদ জামাতের যাত্রা শুরু ১৮২৮ সাল থেকে। স্থানীয় সাহেববাড়ির সৈয়দ আহম্মদ (র.) তাঁর নিজ সম্পত্তিতে প্রথমবারের মতো ঈদ জামাতের আয়োজন করেন। সেবার তিনি নিজেই ইমামতি করেছিলেন। পরবর্তী সময়ে মাঠের প্রসার ও পরিচিতি ঘটান ঈশা খাঁর বংশধর স্থানীয় হয়বতনগর দেওয়ান পরিবারের সদস্য দেওয়ান মান্নান দাদ খান।

নামকরণ

শোলাকিয়ার আগের নাম ছিল রাজাবাড়ীয়া। জনশ্রুতি আছে, একসময় শোলাকিয়া ঈদগাহে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে  ঈদের নামাজ আদায় করেন। সোয়া লাখ মুসল্লি হওয়ার কথা মানুষের মুখে মুখে ফেরে। সেই থেকে ঈদগাহটি একসময় শোয়ালাকিয়া ঈদগাহ মাঠ হিসেবে পরিচিতি লাভ করে। নামকরণের এমন ধারণার সঙ্গে ঐতিহাসিকদের অনেকের দ্বিমত আছে। অন্য মতটি হলো, মুঘল আমলে এখানকার পরগনার রাজস্ব আদায়ের পরিমাণ ছিল সোয়া লাখ টাকা। কালের বিবর্তনে সোয়া লাখ থেকে সোয়ালাখিয়া, বর্তমান শোলাকিয়া।