
ঈদে নতুন পোশাকের সঙ্গে চাই নতুন জুতাও। পোশাক কেনার পর শুরু হবে মানানসই জুতার খোঁজ। কিন্তু যাঁদের দামি বিদেশি কিংবা ব্র্যান্ডের জুতা কেনার সামর্থ্য নেই তাঁদের জন্য হাতে তৈরি জুতাই সই। ঈদে নিম্নমধ্যবিত্ত, নিম্নবিত্ত ক্রেতার কথা মাথায় রেখেই দিন-রাত কাজ করে যাচ্ছেন জুতার কারিগরেরা।
চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকাশিল্প মালিক গ্রুপের হিসাব অনুযায়ী, গত সাড়ে তিন দশকে প্রায় ছয় শ হাতে তৈরি জুতার ছোট ছোট কারখানা গড়ে উঠেছে নগরে। এসব কারখানার অধিকাংশই পূর্ব মাদারবাড়ি, পশ্চিম মাদারবাড়ি, নালাপাড়া, নিউমার্কেট এলাকার জলসা মার্কেটে অবস্থিত। এর মধ্যে পূর্ব মাদারবাড়ি নছু মালুম লেন এলাকাতেই রয়েছে প্রায় সাড়ে তিন শ জুতার কারখানা।
কারখানাগুলোতে এক ডজনের নিচে জুতা বিক্রি হয় না। মান ও নকশার ওপর নির্ভর করে এক ডজন জুতার দাম পড়ে ১ হাজার ২০০ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত। কারখানার মালিকেরা বলেন, এবার মেয়েদের জুতার মধ্যে বেশি বিক্রি হচ্ছে ফ্ল্যাট স্লিপার, অল্প হিল ও ব্যালেরিনা। ছেলেদের জুতার মধ্যে দুই ফিতা ও বেল্টের স্যান্ডেল বেশি বিক্রি হচ্ছে। বেশির ভাগ জুতাই র্যাক্সিনের তৈরি, ছেলেদের নির্দিষ্ট কিছু ডিজাইনের জুতা চামড়া দিয়ে বানানো হয়।
গতকাল সোমবার দুপুরে পূর্ব মাদারবাড়ির নছু মালুম লেন এলাকায় গিয়ে দেখা যায়, আড়মোড়া ভেঙে জুতা কারখানাগুলোয় কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছেন মালিক ও কারিগরেরা। তাঁরা জানান, শবে বরাতের পর থেকে প্রতিদিন দুপুর থেকে পরদিন ভোর পর্যন্ত একটানা কাজ চলছে বেশির ভাগ কারখানায়। রাত জেগে কাজ করার কারণে ভোর ছয়টায় ঘুমাতে যান শ্রমিকেরা। একটানা ১৫-১৬ ঘণ্টা কাজ করতে হচ্ছে তাঁদের। কারখানার ভেতরেই চলে থাকা-খাওয়া। এক ডজন জুতা তৈরির মজুরি হিসেবে একজন কারিগর পান ২০০ থেকে সর্বোচ্চ ৪০০ টাকা।
রাকিব সুজ নামের একটি কারখানায় গিয়ে দেখা যায়, ২০ জন শ্রমিক মিলে মেয়েদের জুতা তৈরির কাজ করছেন। এবারের ঈদে সাত ধরনের ডিজাইনের জুতা তৈরি করছেন তাঁরা। সোনালি ও তামা রঙের পাথর ও চুমকি বসানো জুতাই ব্যবসায়ীরা বেশি কিনে নিয়ে যাচ্ছেন বলে জানান কারিগরেরা।
ঈদ উপলক্ষে কাজের ব্যস্ততা বাড়ে বলে এ সময় অনেক মৌসুমি কারিগরও কাজ করতে আসেন পাদুকা কারখানাগুলোয়। এ রকমই একজন হলেন কিশোরগঞ্জের ভৈরবের মো. বাদশা মিয়া। সারা বছর নিজ এলাকায় কৃষিকাজ করেন তিনি। ঈদ এলে প্রতিবছর একেকবার একেক কারখানায় মৌসুমি কারিগর হিসেবে কাজ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘গত বছর ভৈরবেই একটি কারখানায় এক মাস কাজ করেছিলাম। এবার টাকা বেশি দেবে বলায় চট্টগ্রামে এসেছি। শবে বরাতের দুই দিন পর এসেছি, ২৭ রমজান শেষে বাড়ি ফিরব।’
চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকাশিল্প মালিক গ্রুপের হিসেবে, চট্টগ্রামের হাতে তৈরি জুতা কারখানাগুলোতে প্রায় সাত হাজার শ্রমিক নিয়মিত কাজ করছেন। ঈদের মৌসুমে আরও প্রায় এক-দেড় হাজারের মতো শ্রমিক এসে কাজে যোগ দেন কারখানাগুলোতে। চট্টগ্রামের স্থানীয় লোকজন এ কাজে আগ্রহী নন। সে কারণে মূলত ভৈরব, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ ও কুমিল্লা থেকে শ্রমিকদের এ কাজে নিয়ে আসা হয়।
পূর্ব মাদারবাড়ির সোনিয়া সুজের স্বত্বাধিকারী কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মো. তাহের মিয়া। চার ছেলে ছাড়াও তাঁর কারখানায় কাজ করেন আরও ১১ শ্রমিক। তাঁদের সবাই তাহের মিয়ার গ্রামের বাড়ির লোক।
এসব কারখানা থেকে উৎপাদিত জুতার পাইকারি বাজার চট্টগ্রাম নগরের স্টেশন রোডের নূপুর মার্কেট। এখান থেকেই চট্টগ্রাম নগরে, বিভিন্ন উপেজলা, তিন পার্বত্য জেলা, কক্সবাজার ও ফেনীর বিভিন্ন বিপিণকেন্দ্র এবং ফুটপাতে ছড়িয়ে পড়ে বাহারি রং ও নকশার জুতা-স্যান্ডেল।
তবে কম দামি ভারতীয় ও চীনা জুতার আগ্রাসনে নিজেদের ব্যবসার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এসব ক্ষুদ্র পাদুকা কারখানার মালিকেরা। চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকাশিল্প মালিক গ্রুপের সহসভাপতি মঞ্জুর খান প্রথম আলোকে বলেন, ‘কম দামি ভারতীয় ও চীনা জুতার আমদানি নিয়ন্ত্রণ করা না গেলে দেশীয় ক্ষুদ্র পাদুকা কারখানাগুলো ধ্বংস হয়ে যাবে। অনেক দিন ধরেই আলাদা পাদুকাপল্লি গড়ে তোলা ও এ খাতে সরকারি সহায়তার দাবি জানিয়ে আসছি আমরা। সহায়তা পেলে কাজের মান বাড়িয়ে হাতে তৈরি জুতা বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।’