ঈদের টিকিটের প্রথম দিনে চট্টগ্রাম স্টেশনে ভিড় কম
ঈদের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন আজ শনিবার চট্টগ্রাম স্টেশনে ভিড় ছিল কম। ঈদে বাড়ি ফেরার জন্য যে রকম উপচে পড়া ভিড়, তা দেখা যায়নি। চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে আজ ২৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করা হয়।
আজ সকাল আটটায় টিকিট বিক্রি শুরু হয়। জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট সংগ্রহ করতে হচ্ছে। একজনকে সর্বোচ্চ চারটি টিকিট দেওয়া হয়। এ জন্য অবশ্য অন্যদের জাতীয় পরিচয়পত্র দেখাতে হয়েছে।
শনিবার চট্টগ্রাম স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনের কাউন্টারগুলোর সামনে তেমন ভিড় নেই। অল্প কিছুক্ষণ অপেক্ষার পরই টিকিট সংগ্রহ করতে পারছিলেন লোকজন। অগ্রিম টিকিটের পাশাপাশি নিয়মিত ট্রেনের টিকিটও বিক্রি করা হচ্ছিল স্টেশনে।
নিজের ও পরিবারের জন্য টিকিট সংগ্রহ করতে আসছিলেন ব্যবসায়ী মো. নুরুল আমিন। তিনি প্রথম আলোকে বলেন, টিকিটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। এসেই টিকিট পেয়েছেন। তবে পরিচয়পত্রের মূল কপি আনলে ফটোকপি ছিল না। তাই আবার ফটোকপি করে আনতে কিছুটা সময় লেগেছে। তেমন কোনো জটিলতা নেই এবার।
দুপুরে টিকিট নিতে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান ও তাঁর আত্মীয় সিফাত উল্লাহ। তিনি বলেন, অনলাইনে টিকিট নিয়েছেন। এখন প্রিন্ট কপি নিতে এসেছেন। আসার সঙ্গে সঙ্গে প্রিন্ট টিকিট নিতে পেরেছেন। তবে তিনি আরও বলেন, সকালে অনলাইনে টিকিট নেওয়ার সময় সার্ভারে সমস্যা ছিল। কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে।
চট্টগ্রাম রেলস্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, ঈদের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন স্টেশনের কাউন্টারে মানুষের ভিড় তেমন ছিল না। ঠিক কী কারণে ভিড় কম, তা বলা যাচ্ছে না। তবে মানুষ হয়তো আরও কয়েক দিন পর বাড়ি যাবেন। ২৯ বা ৩০ এপ্রিলের টিকিটের জন্য ভিড় বাড়তে পারে।
রতন কুমার চৌধুরী বলেন, প্রথম দিন চট্টগ্রাম থেকে ঢাকাসহ বিভিন্ন স্টেশনগামী ট্রেনের জন্য প্রায় ছয় হাজার টিকিট বরাদ্দ রাখা হয়। তবে দুপুর ১২টা পর্যন্ত অনলাইন ও কাউন্টারে প্রায় ৫৩ শতাংশ টিকিট বিক্রি হয়েছে। তবে সকালের দিকে সার্ভারে একটু সমস্যা থাকলেও তা দ্রুত ঠিক হয়ে যায়। অনলাইনে টিকিট পেতে ভোগান্তির বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি তাঁদের কাছে।