সন্দ্বীপ-হাতিয়া নৌপথে চলাচলের জন্য ঈদের মাত্র তিন দিন আগে এমভি আবদুল মতিন ও এমভি মনিরুল হক নামের দুটি জাহাজ জোড়াতালি দিয়ে চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। এ নৌপথে চলাচলকারী অপর দুটি জাহাজ এমভি আলাউদ্দিন ও বার আউলিয়া দীর্ঘদিন ধরে বিকল রয়েছে।আবদুল মতিন ও এমভি মনিরুল হকের যন্ত্রাংশও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক আগেই। ঈদ উপলক্ষে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জাহাজ এমভি মনিরুল হকের মেরামতের কাজে হাত দেওয়া হয় সপ্তাহ খানেক আগে। গত ১০ অক্টোবর হাতিয়ায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এর প্রপেলার, রাডার, রাডার শেপট বিকল হয়ে পড়ে। গত .বুধবার তড়িঘড়ি করে এটি মেরামত শেষে দুটি জাহাজ দিয়ে ঈদে যাত্রীসেবার ব্যবস্থা করা হয়। এ কথা স্বীকার করে বিআইডব্লিউটিসি চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা গত এক সপ্তাহ অক্লান্ত শ্রম দিয়ে মনিরুল হক নামের জাহাজটি চলাচলের উপযোগী করেছি, যাতে ঈদের সময় যাত্রীদের কোনো সমস্যায় পড়তে না হয়।’ ঈদের পর জাহাজ দুটি পর্যায়ক্রমে সংস্কারের জন্য চট্টগ্রামের কর্ণফুলী ডকইয়ার্ডে পাঠানো হবে বলে জানান তিনি।গতকাল বৃহস্পতিবার সকালে নগরের সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রীদের উপচে পড়া ভিড়। ধারণক্ষমতার প্রায় তিন গুণ যাত্রী নিয়ে এমভি আবদুল মতিন সন্দ্বীপ রওনা হচ্ছে। বেশির ভাগ যাত্রী দাঁড়ানোর (স্ট্যান্ডিং) টিকিট কিনেছেন। শহীদ উল্লাহ নামের এক যাত্রী বলেন, ‘ঈদের সময়ে এভাবে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তা না হলে বাড়ি যেতে পারব না।’জাহাজ দুটির প্রতিটিতে প্রায় তিন শ যাত্রী পরিবহনের ক্ষমতা রয়েছে। কিন্তু প্রতিবার প্রায় এক হাজারের মতো যাত্রী চলাচল করছে এখন। সন্দ্বীপ-হাতিয়া নৌপথে শনি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সপ্তাহে এই পাঁচ দিন জাহাজ চলাচল করে। তবে ঈদ উপলক্ষে আজ শুক্রবার ও আগামী রোববারও জাহাজ চলাচল করবে। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, গতকাল সন্দ্বীপ থেকে ফেরার পথে এমভি মনিরুলের গিয়ারে সমস্যা দেখা দিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘এমভি মনিরুল ফিরে আসার পর রাতে আমরা এটি সারিয়ে নেওয়ার ব্যবস্থা নেব। সাধারণত ভাটার সময় চরে আটকে যাওয়ায় গিয়ারে সমস্যা হয়।’