ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি কমাতে এবং নিরাপদ পারাপার নিশ্চিত করতে এবারও ঈদের তিন দিন আগে থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ট্রাক পারাপার বন্ধ থাকবে। তবে কোরবানির পশুবাহী ও জরুরি পণ্যবাহী ট্রাক এর আওতামুক্ত থাকবে। গতকাল রোববার মানিকগঞ্জের জেলা প্রশাসকের সমেঞ্চলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।মানিকগঞ্জের জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ সভায় সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গালিভ খান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এন এস এম শাহাদত হোসেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ঊর্ধ্বতন উপপরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ) শাহাজল হক।সভায় জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ বলেন, গত বছরের তুলনায় এবার ঈদের আগে পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যাবে। এ অবস্থায় পণ্যবাহী ট্রাক পারাপার অব্যাহত থাকলে পাটুরিয়া ঘাটে ব্যাপক যানজটের সৃষ্টি হতে পারে। এ জন্য ঈদের তিন দিন আগে থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হবে। তবে কোরবানির পশুবাহী এবং পচনশীল পণ্য ও জরুরি পণ্যবাহী ট্রাক (ওষুধ, তেল ও সারবাহী) ফেরি পারাপার হতে পারবে।সভায় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মিজানুর রহমান বলেন, যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে ঘাট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, আনসার ও ভিডিপির সদস্য মোতায়েন করা হবে। পাটুরিয়া ঘাট এলাকায় অতিরিক্ত ট্রাফিক পুলিশ কাজ করবে।